জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় সংসদ চত্বর ধূমপানমুক্ত করার সিদ্ধান্ত
জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে সর্বসম্মতিক্রমে সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ তামাকবিরোধী জোট।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তামাকবিরোধী জোট বলেছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাকমুক্ত বাংলাদেশ গড়ার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে এ উদ্যোগ যুগান্তকারী ও দৃষ্টান্তমূলক।
বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাক নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ২০২৬ সালে তামাক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা এবং জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত ঘোষণার উদ্যোগ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের দৃশ্যমান ও প্রশংসনীয় পদক্ষেপ।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণার প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
তামাকবিরোধী জোটের বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীসহ কার্য-উপদেষ্টা কমিটির সব সদস্যের এ সিদ্ধান্ত জনস্বাস্থ্য সুরক্ষায় তাঁদের দায়িত্বশীলতার বহিঃপ্রকাশ। দেশের সর্বোচ্চ আইনসভা জাতীয় সংসদ শুধু আইন প্রণয়নের কেন্দ্র নয়; এটি রাষ্ট্রের নীতি, মূল্যবোধ ও জনকল্যাণমূলক অঙ্গীকারেরও প্রতিফলন ঘটায়। এখান থেকেই জনস্বাস্থ্য সুরক্ষা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ আইন ও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। তাই সংসদ ভবন ও এর পুরো চত্বরে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
একই সঙ্গে সংসদ চত্বরে আগত সবার জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
তামাকবিরোধী জোট এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছে, জাতীয় সংসদ চত্বরকে শুধু ধূমপানমুক্ত নয়, দ্রুত সম্পূর্ণ তামাকমুক্ত ঘোষণার উদ্যোগ নেওয়া হবে। বিবৃতিতে আরও বলা হয়, ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধনী ২০২৬)’ অনুযায়ী, পাবলিক প্লেস ও পরিবহন তামাকমুক্ত স্থান। দ্রুত সংসদ এলাকায় শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে এবং এ উদ্যোগ দেশের অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জন্যও অনুকরণীয় হবে বলে প্রত্যাশা জোটের।







Disqus comments are not configured yet.