পরিবেশবান্ধব উদ্যোগে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: রিজভী
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘গ্রিন সরকার’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার আগেই তারেক রহমান ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার পরদিন থেকেই তিনি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন।
আজ মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদায় জানানোর পর সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন রিজভী।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সফরে আজ তুরস্কের আনতালিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
রিজভী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধিদল কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে রওনা হয়েছে। মানুষের কর্মকাণ্ডের কারণে বিশ্ব উষ্ণায়ন দিন দিন বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে মানবজাতি বিপন্ন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। এমন অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কপ সম্মেলনে যোগদান একটি উল্লেখযোগ্য ঘটনা।
তিনি বলেন, সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নিচ্ছেন। কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ কীভাবে কমানো যায়, তা নিয়ে বিশ্বনেতারা আলোচনা করবেন। পাশাপাশি বিশেষজ্ঞরাও তাঁদের মতামত তুলে ধরবেন। এসব আলোচনার মধ্য দিয়ে বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় কার্যকর সমাধান বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রুহুল কবীর রিজভী বলেন, ‘আমাদের সুন্দর এই পৃথিবীকে বাঁচাতে হবে। বিশ্ব উষ্ণায়নের কবল থেকে পৃথিবীকে রক্ষা করে বসবাসের উপযোগী করে তুলতে হবে। আগের পরিবেশ ফিরিয়ে আনার ক্ষেত্রে এ সম্মেলন যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আমি মনে করি।’
প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে রিজভী ছাড়াও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব এস এম জাহাঙ্গীর এমপি, মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
সফর শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
নবনিযুক্ত পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী গতকাল এক সংবাদ সম্মেলনে জানান, ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি এই সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আউয়াল, প্রেসসচিব সালেহ শিবলী, উপ-প্রেসসচিব হাসান শিপলুসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা।
সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। পাশাপাশি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে।
সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এসব বৈঠক বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে বহুপক্ষীয় সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকগুলোতে সুনির্দিষ্ট কোনো প্রকল্প বা চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম বলেও জানান পররাষ্ট্রসচিব।







Disqus comments are not configured yet.