বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
[gtranslate]
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

নিকলীতে আত্মগোপনে থাকা বিস্ফোরক মামলার আসামী পলাতক কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শেখ ওবায়দুল হক সম্রাট প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
নিকলীতে আত্মগোপনে থাকা বিস্ফোরক মামলার আসামী পলাতক কৃষক লীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের নিকলীতে বিস্ফোরক আইনের মামলায় জামাল উদ্দিন (৫৬) নামে কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নতুন বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার জামাল উদ্দিন নিকলী উপজেলার মির্জাপুর গ্রামের আব্দুল খলিলের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নোয়াপাড়া বউবাজার এলাকায় পৌঁছালে হামলার শিকার হয়। অভিযোগ অনুযায়ী, বউবাজার থেকে আছানপুর বাজার মোড় পর্যন্ত বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলকারীদের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। এতে বেশ কয়েকজন আহত হন।

এ ঘটনায় ২০২৪ সালের ১২ আগস্ট নিকলী থানায় একটি মামলা করা হয়। ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে জামাল উদ্দিনের নাম রয়েছে। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, জামাল উদ্দিনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় থাকার অভিযোগ রয়েছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সংগঠনটির কর্মকাণ্ডে অর্থের জোগান দেওয়ার অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ বলেন, জামাল উদ্দিন কৃষক লীগের নেতা। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগ রয়েছে বলেও জানান ওসি।

সাফে বাংলাদেশের মুখোমুখি শ্রীলঙ্কা, আলোচনায় কোচ মুতাইরি

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২:১০ অপরাহ্ণ
সাফে বাংলাদেশের মুখোমুখি শ্রীলঙ্কা, আলোচনায় কোচ মুতাইরি

সাফ চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। ম্যাচের আগে আলোচনায় এসেছেন শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি। ২০২৩ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের কোচ থাকাকালে বাংলাদেশের বিপক্ষে ডাগআউটে লাল কার্ড দেখেছিলেন কুয়েতি এই কোচ।

সেদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচের ১৭ মিনিটের দিকে একটি ফাউলকে কেন্দ্র করে দুই দলের ডাগআউটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদ জানাতে গিয়ে মুতাইরি বাংলাদেশের ডাগআউটের দিকে তেড়ে যান। এ সময় সহকারী কোচ হাসান আল মামুনের সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেপালের রেফারি দুজনকেই লাল কার্ড দেখান। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। দুই ম্যাচের সিরিজও ড্রয়ে শেষ হয়।

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ ২-২ গোলে ড্র করার পর রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুতাইরি। তাঁর অভিযোগ, ভুটানের দ্বিতীয় গোলটি অফসাইড ছিল এবং শ্রীলঙ্কা একটি পেনাল্টি পাওয়ার যোগ্য ছিল। গ্রুপ পর্ব থেকেই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) চালুর দাবিও জানান তিনি।

আয়োজকদের নিয়েও মন্তব্য করে বিতর্ক তৈরি করেন এই কোচ। বাণিজ্যিক স্বার্থে বাংলাদেশ ও ভারতকে ফাইনালে দেখতে চাইলে অন্য দলগুলোকে খেলানোর প্রয়োজন নেই—এমন মন্তব্য করেন তিনি।

মুতাইরির এসব মন্তব্য সাফের ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠানো হয়েছে। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল জানিয়েছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে স্বাধীন ডিসিপ্লিনারি কমিটি।

১১ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটি শ্রীলঙ্কার জন্য গুরুত্বপূর্ণ। হারলে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়বে দলটি। অন্যদিকে, বাংলাদেশও চাইবে এ ম্যাচে জয় পেয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করতে।

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তা চাইলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৫১ অপরাহ্ণ
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তা চাইলেন রাষ্ট্রপতি

রোহিঙ্গা প্রত্যাবাসন এবং ঝুঁকির মুখে থাকা নারী ও শিশুদের সুরক্ষায় যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি হেলেন জোনস রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

এ সময় রাষ্ট্রপতি বলেন, ডাচেস অব এডিনবার্গের এই সফর অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠীর, বিশেষ করে নারী ও শিশুদের জন্য আশার বার্তা বহন করছে। তাঁর রোহিঙ্গা শিবির পরিদর্শন এ মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট ঘনবসতিপূর্ণ বাংলাদেশের আর্থসামাজিক ও পরিবেশগত পরিস্থিতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে। পাশাপাশি এ সংকট আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগ তৈরি করছে। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টির পাশাপাশি নারী ও শিশুদের সুরক্ষা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরো সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরো এগিয়ে নিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। সাক্ষাৎকালে বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং দেশের ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ডাচেস অব এডিনবার্গ সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে তাঁর তিন দিনের সফরে কক্সবাজারের রোহিঙ্গা শিবির, বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা জানান।

তিনি বাংলাদেশের নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে অর্জিত অগ্রগতি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের অবদানের প্রশংসা করেন।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ডাচেস অব এডিনবার্গের বাংলাদেশ সফর দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরো সুদৃঢ় করবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্রিটিশ হাইকমিশনার এবং ডাচেস অব এডিনবার্গের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববাজারে চাহিদা বাড়ায় পাট রপ্তানিতে সুদিনের আভাস

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ
বিশ্ববাজারে চাহিদা বাড়ায় পাট রপ্তানিতে সুদিনের আভাস

একসময় দেশের অর্থনীতির অন্যতম প্রধান রপ্তানি পণ্য পাটের সুদিন ফিরতে শুরু করেছে। বিশ্ববাজারে পরিবেশবান্ধব ও প্রাকৃতিক তন্তুর তৈরি পণ্যের চাহিদা বাড়ায় বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের রপ্তানিতে ইতিবাচক ধারা তৈরি হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এ খাতের রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছিল ২৭৭ দশমিক ৩৭ মিলিয়ন মার্কিন ডলার। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৬ দশমিক ৩৭ মিলিয়ন ডলারে। অর্থাৎ, চার মাসে রপ্তানি আয় বেড়েছে ৬৯ মিলিয়ন ডলার বা ২৪ দশমিক ৮৮ শতাংশ।

পণ্যভিত্তিক হিসাবে কাঁচা পাট রপ্তানিতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে। গত অর্থবছরের প্রথম চার মাসে কাঁচা পাট রপ্তানি থেকে আয় হয়েছিল ৩৩ দশমিক ২১ মিলিয়ন ডলার। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে ৫৩ দশমিক ৯৪ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৬২ দশমিক ৪২ শতাংশ।

পাট খাতের রপ্তানি আয়ের সবচেয়ে বড় অংশ আসছে পাট সুতা ও টুইন থেকে। গত অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে এ পণ্য রপ্তানি করে আয় হয়েছিল ১৬৫ দশমিক ৭০ মিলিয়ন ডলার। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে ২১৬ দশমিক ৫৪ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৩০ দশমিক ৬৮ শতাংশ। তবে চট ও থলে রপ্তানি আয় ৫৭ দশমিক ৭২ মিলিয়ন ডলার থেকে কমে ৫৩ দশমিক ৪৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, অন্যান্য পাটজাত পণ্যের রপ্তানি আয় ২০ দশমিক ৭৪ মিলিয়ন ডলার থেকে বেড়ে ২২ দশমিক ৪৬ মিলিয়ন ডলার হয়েছে।

বিশ্ববাজারে প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের তৈরি ব্যাগ, প্যাকেজিং সামগ্রী, গৃহসজ্জার উপকরণ, কারিগরি বস্ত্র ও ফ্যাশন পণ্যের চাহিদা বাড়ছে। পাশাপাশি পাটকাঠি থেকে উৎপাদিত চারকোলসহ বহুমুখী পণ্যেরও আন্তর্জাতিক বাজারে সম্ভাবনা তৈরি হয়েছে। এসব পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়াতে পারলে প্রচলিত পাটপণ্যের পাশাপাশি নতুন নতুন খাত থেকেও বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।

এ সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার ২০২৬-২০৩১ মেয়াদি পাঁচ বছরব্যাপী ‘বাংলাদেশ পাট খাত উন্নয়ন কৌশল ও কর্মপরিকল্পনা’ গ্রহণের উদ্যোগ নিয়েছে। এর অন্যতম লক্ষ্য ২০৩১ সালের মধ্যে পাট ও পাটজাত পণ্যের বার্ষিক রপ্তানি আয় ১ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা। এ জন্য কাঁচা পাটের বার্ষিক উৎপাদন ১ কোটি ১৫ লাখ বেল থেকে বাড়িয়ে ১ কোটি ২০ লাখ বেলে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে পাটবীজের চাহিদার ৮৫ থেকে ৯০ শতাংশ দেশে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পরিকল্পনায় পাটজাত পণ্যের বহুমুখীকরণ ও মূল্য সংযোজনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে মোট পাটপণ্য রপ্তানির প্রায় ৪৫ শতাংশ আসে মূল্য সংযোজিত পণ্য থেকে। ২০৩১ সালের মধ্যে এ হার ৭০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এ লক্ষ্যে জিওটেক্সটাইল, পরিবেশবান্ধব প্যাকেজিং, হোম ফার্নিশিং, কারিগরি বস্ত্র ও বিভিন্ন শিল্পে ব্যবহৃত পাটজাত পণ্যের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি গবেষণা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, পণ্যের মান উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণেও গুরুত্ব দেওয়া হয়েছে। পরিকল্পনা বাস্তবায়নে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ ৪ হাজার ৭৫০ কোটি টাকা।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, তৈরি পোশাকশিল্পের পাশাপাশি পাট ও পাটজাত পণ্যসহ অন্যান্য সম্ভাবনাময় রপ্তানি খাতের বিকাশে সরকার প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে। সরকার বাংলাদেশকে বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানির একটি আঞ্চলিক কেন্দ্রে পরিণত করতে চায়। এ লক্ষ্য অর্জনে সম্ভাবনাময় শিল্প খাতগুলোর সক্ষমতা বাড়ানো, নতুন বিনিয়োগ আকৃষ্ট করা এবং রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলাদেশ জুট ডাইভার্সিফাইড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাশেদুল করীম মুন্না বলেন, পাট রপ্তানি, বিশেষ করে কাঁচা পাট রপ্তানি বৃদ্ধি এ খাতের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। তবে মূল্য সংযোজিত পণ্য রপ্তানিতে বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে। পাটের বহুমুখী ব্যবহার ও উচ্চমূল্যের পণ্য উৎপাদনে সক্ষমতা বাড়ানো গেলে এ খাতের বার্ষিক রপ্তানি আয় ২ থেকে ৩ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা সম্ভব।

তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে গবেষণা ও পণ্য উন্নয়নের পাশাপাশি প্রয়োজনীয় নীতি সহায়তা নিশ্চিত করতে হবে। এ জন্য সরকারের একটি সুপরিকল্পিত কৌশলগত কর্মপরিকল্পনা প্রয়োজন। একই সঙ্গে গবেষণা ও পণ্য উন্নয়নে একটি বিশেষায়িত সার্ভিস সেন্টার প্রতিষ্ঠা করা জরুরি। এ কেন্দ্র থেকে উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী পণ্যের নকশা, গুণগত মান ও উৎপাদনপ্রযুক্তি উন্নয়নে কারিগরি সহায়তা পাবেন। এতে নতুন পণ্য উদ্ভাবন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পাটজাত পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।