বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
[gtranslate]
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

রেলওয়ের ৭০ শতাংশ মিটার গেজ ইঞ্জিনের আয়ুষ্কাল শেষ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
রেলওয়ের ৭০ শতাংশ মিটার গেজ ইঞ্জিনের আয়ুষ্কাল শেষ

বাংলাদেশ রেলওয়ের মিটার গেজ ইঞ্জিন বহরের প্রায় ৭০ শতাংশই অর্থনৈতিক আয়ুষ্কাল হারিয়েছে। ১৬৪টি ইঞ্জিনের মধ্যে ১১৫টির বয়স ২০ বছর পেরিয়েছে। পুরোনো এসব ইঞ্জিন সচল রাখতে হিমশিম খাচ্ছে রেলওয়ে। যন্ত্রাংশের অভাব, মেরামতে দীর্ঘসূত্রতা ও বাড়তি পরিচালন ব্যয়ে ব্যাহত হচ্ছে যাত্রী ও পণ্য পরিবহন। এ পরিস্থিতি মোকাবিলায় ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে তিন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীর অর্থায়নে ৮০টি নতুন ইঞ্জিন কেনার পরিকল্পনা নিয়েছে সরকার।

রেলওয়ের প্রকল্প প্রস্তাব অনুযায়ী, সংস্থাটির মোট ২৯২টি লোকোমোটিভের মধ্যে মিটার গেজ ১৬৪টি এবং ব্রড গেজ ১২৮টি।

কোড-ম্যানুয়েল অনুসারে, একটি ইঞ্জিনের অর্থনৈতিক আয়ু ২০ বছর। সেই হিসাবে মিটার গেজের ১১৫টি ইঞ্জিন মেয়াদ পার করেছে। বাকি ৪৯টির অর্থনৈতিক আয়ুষ্কাল রয়েছে। তবে এসব ইঞ্জিনের কতটি নিয়মিত ব্যবহারের উপযোগী, তার পৃথক পরিসংখ্যান নেই।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরোনো ইঞ্জিনের যন্ত্রাংশ সহজে পাওয়া যায় না। পাওয়া গেলেও দাম বেশি। ফলে মেরামতের অপেক্ষায় দীর্ঘদিন পড়ে থাকে অনেক লোকোমোটিভ। বাড়ছে জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয়। পর্যাপ্ত ইঞ্জিন না থাকায় নতুন ট্রেন চালু এবং পণ্য পরিবহন সম্প্রসারণও কঠিন হয়ে পড়েছে।

পরিকল্পনা অনুযায়ী, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৩০টি, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) সহায়তায় ৩০টি এবং বিশ্বব্যাংকের অর্থায়নে ২০টি ইঞ্জিন কেনা হবে। এডিবির অর্থায়নে ৩০টি ইঞ্জিন সংগ্রহে দরপত্র কার্যক্রম চলছে। এআইআইবির অর্থায়নে সমপরিমাণ ইঞ্জিন কেনার প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, ২০২৯ সালের মধ্যে ৮০টি ইঞ্জিন পাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। এডিবির দরপত্র প্রক্রিয়া শুরু হয়েছে। এআইআইবির প্রকল্পও অনুমোদন পেয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় বাকি ২০টি ইঞ্জিন সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

এআইআইবির ঋণসহায়তায় ৩০টি ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ কেনার ‘রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণ প্রকল্পে’ ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৭৬৯ কোটি ৮৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮১১ কোটি ৩৭ লাখ এবং ঋণ ১ হাজার ৯৫৮ কোটি ৪৮ লাখ টাকা। ২০২৬ সালের ১ জুলাই শুরু হয়ে ২০২৯ সালের ৩১ ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা। ইঞ্জিনের পাশাপাশি খুচরা যন্ত্রাংশ, টুলস ও রক্ষণাবেক্ষণের সরঞ্জামও কেনা হবে।

প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, নতুন লোকোমোটিভ যুক্ত হলে ঢাকা-চট্টগ্রাম করিডরসহ মিটার গেজ রুটগুলোতে ট্রেন চলাচল বাড়ানো সম্ভব হবে। এতে যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে। রেলওয়ের পরিকল্পনায় ২০৪০ সালের মধ্যে মিটার গেজ লাইন ডুয়েল গেজে রূপান্তরের লক্ষ্য থাকলেও এ কাজে বিলম্বের কারণে ২০৫৫ থেকে ২০৬০ সাল পর্যন্ত মিটার গেজ ট্রেনের প্রয়োজন হতে পারে।

প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করেছে আইআইএফসি বাংলাদেশ। গত ১৪ মে প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় কয়েকটি শর্ত পূরণের ভিত্তিতে অনুমোদনের সুপারিশ করা হয়। পরে সেগুলো অনুসারে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধন করা হয়েছে।

রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (লোকো) বোরহান উদ্দিন বলেন, ইঞ্জিনের অভাবে ট্রেন পরিচালনায় সমস্যা হচ্ছে। সময়মতো উদ্যোগ না নেওয়ায় এ সংকট তৈরি হয়েছে। নতুন লোকোমোটিভ যুক্ত হলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে দরপত্র, ক্রয়, উৎপাদন ও সরবরাহ শেষ করাই এখন বড় পরীক্ষা।

ড্রোন ও আধুনিক জলযানে বাড়বে কোস্টগার্ডের নজরদারি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
ড্রোন ও আধুনিক জলযানে বাড়বে কোস্টগার্ডের নজরদারি

সামুদ্রিক অপরাধ দমন ও উপকূলীয় নিরাপত্তা জোরদারে ড্রোন, দ্রুতগতির জলযান এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সমন্বিত নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড।

দেশের ১৯টি উপকূলীয় জেলার বিস্তীর্ণ সমুদ্রসীমা, সমুদ্রবন্দর, গুরুত্বপূর্ণ নৌপথ, সামুদ্রিক সম্পদ ও উপকূলীয় জনপদের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যম কে  বলেন, ড্রোন, আধুনিক টহল জলযান, উন্নত যোগাযোগব্যবস্থা এবং সমন্বিত সামুদ্রিক নজরদারি প্রযুক্তি কোস্টগার্ডের কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।

তিনি বলেন, দেশের বিশাল উপকূলীয় অঞ্চল, দুর্গম চরাঞ্চল ও বিস্তীর্ণ সামুদ্রিক এলাকায় প্রচলিত টহলের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা বড় চ্যালেঞ্জ। জলদস্যুতা, বনদস্যুতা, মানবপাচার ও মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধেও কোস্টগার্ডকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। প্রতিকূল আবহাওয়া, উত্তাল সমুদ্র ও দুর্গম অবস্থানের কারণে এসব অভিযান আরও জটিল হয়ে ওঠে।

এ পরিস্থিতি মোকাবিলায় প্রযুক্তিনির্ভর নজরদারির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে সাব্বির আলম সুজন বলেন, ২০২৬ সালের এপ্রিলে কোস্টগার্ডের সরঞ্জাম তালিকায় তিনটি নজরদারি ড্রোন ও একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন যুক্ত হয়েছে।

এ ছাড়া জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহায়তায় একটি বহুমুখী রেসপন্স ভেসেল এবং দুটি অফশোর প্যাট্রল ভেসেল নির্মাণাধীন রয়েছে। সমন্বিত সামুদ্রিক নজরদারি ব্যবস্থা গড়ে তুলতে হেলিকপ্টার সংগ্রহের পরিকল্পনাও রয়েছে কোস্টগার্ডের।

ড্রোনের মাধ্যমে নির্ধারিত এলাকায় নজরদারি, নৌযানের গতিবিধি পর্যবেক্ষণ এবং সম্ভাব্য হুমকি শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি দ্রুত তথ্য আদান-প্রদানের মাধ্যমে টহল জলযান ও উপকূলীয় স্টেশনগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।

এদিকে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (বিমরাড) মহাপরিচালক কমোডর (অব.) সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ বাসসকে বলেন, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত ও সমুদ্রসম্পদ সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।

তিনি সামুদ্রিক বিষয়াবলি বা বঙ্গোপসাগরবিষয়ক পৃথক মন্ত্রণালয় গঠন এবং নৌবাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব করেন।

তিনি বলেন, ‘আধুনিক প্রযুক্তি ও পর্যাপ্ত জনবল নিয়ে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

বিমরাড মহাপরিচালক বলেন, দীর্ঘ উপকূলীয় সীমান্ত ও সামুদ্রিক সম্পদের নিরাপত্তা ব্যবস্থাপনায় ভারত ও পাকিস্তানের মতো দেশেও পৃথক মন্ত্রণালয় রয়েছে। ভারতের বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয় এবং পাকিস্তানের সামুদ্রিক বিষয়াবলি মন্ত্রণালয়ের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের ক্ষেত্রেও এ ধরনের পৃথক মন্ত্রণালয় গঠনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

তিনি আরও বলেন, সমুদ্রে সংঘটিত কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং সে সম্পর্কে সামগ্রিক ধারণা অর্জনের সক্ষমতা বা ‘মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস’ (এমডিএ) সামুদ্রিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাডার, স্বয়ংক্রিয় জাহাজ শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস), স্যাটেলাইট, ড্রোন ও গোয়েন্দা তথ্যের সমন্বিত ব্যবহার জলদস্যুতা, মাদক ও অস্ত্র চোরাচালান, মানবপাচার এবং অবৈধ মাছ আহরণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। এ ধরনের সক্ষমতা সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা এবং সামুদ্রিক সম্পদ সংরক্ষণেও সহায়ক হবে।

সাবেক এই নৌ কর্মকর্তা বলেন, কার্যকর সামুদ্রিক নজরদারি নিশ্চিত করতে দক্ষ জনবল, যন্ত্রপাতির নিয়মিত রক্ষণাবেক্ষণ, নির্ভরযোগ্য যোগাযোগব্যবস্থা এবং সময়মতো তথ্য আদান-প্রদান অপরিহার্য। এর মাধ্যমে উদ্ভূত হুমকি মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

নম্বরপ্লেট লাগাতে মোটরসাইকেল মালিকদের আরও সময় দিল বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ
নম্বরপ্লেট লাগাতে মোটরসাইকেল মালিকদের আরও সময় দিল বিআরটিএ

মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগে এ জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নম্বরপ্লেট লাগানো যাবে।

বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ ও ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে ও সম্মুখভাগে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ বিধান অনুসারে নির্ধারিত শর্ত মেনে মোটরসাইকেলের সামনে নিজস্ব ব্যবস্থাপনায় ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর জন্য মালিকদের অনুরোধ জানিয়েছে বিআরটিএ।

বিজ্ঞপ্তিতে স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের জন্য নম্বরপ্লেটের পৃথক মাপ নির্ধারণ করা হয়েছে।

মোটরসাইকেল (স্কুটার): ম্যানুয়াল নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেল: নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এ ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।

ম্যানুয়াল নম্বরপ্লেট অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। সাদা পটভূমির ওপর কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যায় রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। নম্বরপ্লেটে কোনো ধরনের শোভাবর্ধন বা নকশা করা যাবে না।

এ ছাড়া স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করতে হবে। যেমন—ঢাকা মেট্রো-ল-১১-১২২৯।

তুরস্কে শুরু কপ-৩১, জলবায়ু সংকট মোকাবিলায় ঐকমত্যের চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ণ
তুরস্কে শুরু কপ-৩১, জলবায়ু সংকট মোকাবিলায় ঐকমত্যের চেষ্টা

তুরস্কে আজ বুধবার (১১ নভেম্বর) শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১। সম্মেলনে বিশ্বনেতারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিজেদের অগ্রাধিকার ও পরিকল্পনা তুলে ধরবেন। একই সঙ্গে বিশ্বে মোট জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ বাড়ানোর বিষয়ে দেশগুলোর মধ্যে ঐকমত্য তৈরির চেষ্টা চলছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর দীর্ঘদিনের স্থবির উদ্যোগও নতুন করে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন আলোচকেরা।

ভূমধ্যসাগরের উপকূলীয় পর্যটন শহর আনতালিয়ায় অনুষ্ঠিত এ সম্মেলনে প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এমন এক সময়ে সম্মেলনটি হচ্ছে, যখন বিশ্বে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমার তেমন কোনো লক্ষণ নেই। অন্যদিকে যুদ্ধ, মূল্যস্ফীতি ও নানা বৈশ্বিক সংকটের কারণে বিশ্বনেতাদের মনোযোগ জলবায়ু পরিবর্তনের বিষয় থেকে সরে যাচ্ছে।

গত মাসে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব উষ্ণায়ন ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস (২ দশমিক ৭ ডিগ্রি ফারেনহাইট) সীমা ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব ঠেকাতে ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে বৈশ্বিক উষ্ণায়ন এই সীমার মধ্যে রাখার অঙ্গীকার করেছিল দেশগুলো।

২০১৫ সালের প্যারিস জলবায়ু সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী লরাঁ ফাবিয়ুস। বর্তমানে তিনি জলবায়ু সম্মেলনের সাবেক সভাপতিদের নিয়ে গঠিত একটি পরামর্শক পরিষদের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর মতে, বিশ্বনেতাদের বক্তব্য জলবায়ু আলোচনা এগিয়ে নিতে নতুন গতি তৈরি করতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, নেতাদের জন্য এটি বিভিন্ন ঘোষণা দেওয়ার সুযোগ। তবে এবার আরও গুরুত্বপূর্ণ হলো, তাঁরা কীভাবে এসব পরিকল্পনা বাস্তবায়ন করবেন, তা জানানো। কারণ, আনতালিয়া সম্মেলনের মূল লক্ষ্যই হলো পরিকল্পনা বাস্তবায়ন।

সম্মেলনের সূচি অনুযায়ী, বুধবার বিকেল থেকে বিশ্বনেতাদের বক্তব্য শুরু হবে। বৃহস্পতিবার দিনভরও তাঁদের বক্তব্য চলবে। এতে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও সরকারপ্রধানেরা অংশ নেবেন। বুধবার যাঁদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে, তাঁদের মধ্যে আছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এবং মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট হিল্ডা হাইনে।

বিশ্বে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় বছরের মতো এ সম্মেলনে অংশ নিচ্ছে না। ২০২৫ সালে আবার ক্ষমতায় ফেরার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। তিনি বিশ্ব উষ্ণায়নকে ‘প্রতারণা’ বলেও মন্তব্য করেছেন।

কপ-৩১-এর আয়োজক দেশ তুরস্ক সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিদের ওপর চাপ দিচ্ছে, যাতে চূড়ান্ত চুক্তিতে বিদ্যুতের ব্যবহার বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। প্রস্তাব অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মোট জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ বাড়িয়ে ৩৫ শতাংশ করতে হবে। বর্তমানে এ হার ২০ শতাংশের সামান্য বেশি। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে গাড়ি, কারখানা ও ভবন থেকে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমতে পারে।

তবে সমালোচকদের মতে, শুধু বিদ্যুতের ব্যবহার বাড়ালে বিশ্ব উষ্ণায়ন কমাতে খুব বেশি সুফল নাও মিলতে পারে। কারণ, প্রস্তাবে বিদ্যুৎ উৎপাদন অবশ্যই পরিচ্ছন্ন জ্বালানি থেকে করতে হবে—এমন কোনো শর্ত নেই। একই সঙ্গে কয়লা, তেল ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বড় কোনো পরিকল্পনাও এখনো স্পষ্ট হয়নি।

মঙ্গলবার সম্মেলনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার বিষয়টিকে অসম্ভব মনে করার সময় অনেক আগেই শেষ হয়েছে। তিনি দেশগুলোর প্রতি আহ্বান জানান, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কীভাবে এবং কত দিনের মধ্যে কমানো হবে, সে বিষয়ে স্পষ্ট সময়সীমা নির্ধারণ করতে হবে।

এর আগে ব্রাজিলে অনুষ্ঠিত কপ সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে একটি বৈশ্বিক পরিকল্পনা তৈরির বিষয়ে দেশগুলো একমত হতে পারেনি। তবে গত কয়েক সপ্তাহে ব্রাজিলের সম্মেলনের আয়োজকেরা এ বিষয়ে একটি রূপরেখা প্রকাশ করেছেন। জলবায়ু আলোচনায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে ধরে রাখাই এর লক্ষ্য।

রূপরেখায় বলা হয়েছে, ২০২৮ সালের মধ্যে দেশগুলোকে নিজেদের জ্বালানি ব্যবস্থা নিয়ে পরিকল্পনা তৈরি ও পর্যালোচনা করতে হবে। এরপর ২০৩১ সাল থেকে জীবাশ্ম জ্বালানির সরবরাহ কমাতে দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।