তুরস্কে আজ বুধবার (১১ নভেম্বর) শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১। সম্মেলনে বিশ্বনেতারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিজেদের অগ্রাধিকার ও পরিকল্পনা তুলে ধরবেন। একই সঙ্গে বিশ্বে মোট জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ বাড়ানোর বিষয়ে দেশগুলোর মধ্যে ঐকমত্য তৈরির চেষ্টা চলছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর দীর্ঘদিনের স্থবির উদ্যোগও নতুন করে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন আলোচকেরা।
ভূমধ্যসাগরের উপকূলীয় পর্যটন শহর আনতালিয়ায় অনুষ্ঠিত এ সম্মেলনে প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এমন এক সময়ে সম্মেলনটি হচ্ছে, যখন বিশ্বে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমার তেমন কোনো লক্ষণ নেই। অন্যদিকে যুদ্ধ, মূল্যস্ফীতি ও নানা বৈশ্বিক সংকটের কারণে বিশ্বনেতাদের মনোযোগ জলবায়ু পরিবর্তনের বিষয় থেকে সরে যাচ্ছে।
গত মাসে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব উষ্ণায়ন ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস (২ দশমিক ৭ ডিগ্রি ফারেনহাইট) সীমা ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব ঠেকাতে ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে বৈশ্বিক উষ্ণায়ন এই সীমার মধ্যে রাখার অঙ্গীকার করেছিল দেশগুলো।
২০১৫ সালের প্যারিস জলবায়ু সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী লরাঁ ফাবিয়ুস। বর্তমানে তিনি জলবায়ু সম্মেলনের সাবেক সভাপতিদের নিয়ে গঠিত একটি পরামর্শক পরিষদের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর মতে, বিশ্বনেতাদের বক্তব্য জলবায়ু আলোচনা এগিয়ে নিতে নতুন গতি তৈরি করতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, নেতাদের জন্য এটি বিভিন্ন ঘোষণা দেওয়ার সুযোগ। তবে এবার আরও গুরুত্বপূর্ণ হলো, তাঁরা কীভাবে এসব পরিকল্পনা বাস্তবায়ন করবেন, তা জানানো। কারণ, আনতালিয়া সম্মেলনের মূল লক্ষ্যই হলো পরিকল্পনা বাস্তবায়ন।
সম্মেলনের সূচি অনুযায়ী, বুধবার বিকেল থেকে বিশ্বনেতাদের বক্তব্য শুরু হবে। বৃহস্পতিবার দিনভরও তাঁদের বক্তব্য চলবে। এতে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও সরকারপ্রধানেরা অংশ নেবেন। বুধবার যাঁদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে, তাঁদের মধ্যে আছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এবং মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট হিল্ডা হাইনে।
বিশ্বে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় বছরের মতো এ সম্মেলনে অংশ নিচ্ছে না। ২০২৫ সালে আবার ক্ষমতায় ফেরার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। তিনি বিশ্ব উষ্ণায়নকে ‘প্রতারণা’ বলেও মন্তব্য করেছেন।
কপ-৩১-এর আয়োজক দেশ তুরস্ক সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিদের ওপর চাপ দিচ্ছে, যাতে চূড়ান্ত চুক্তিতে বিদ্যুতের ব্যবহার বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। প্রস্তাব অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মোট জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ বাড়িয়ে ৩৫ শতাংশ করতে হবে। বর্তমানে এ হার ২০ শতাংশের সামান্য বেশি। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে গাড়ি, কারখানা ও ভবন থেকে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমতে পারে।
তবে সমালোচকদের মতে, শুধু বিদ্যুতের ব্যবহার বাড়ালে বিশ্ব উষ্ণায়ন কমাতে খুব বেশি সুফল নাও মিলতে পারে। কারণ, প্রস্তাবে বিদ্যুৎ উৎপাদন অবশ্যই পরিচ্ছন্ন জ্বালানি থেকে করতে হবে—এমন কোনো শর্ত নেই। একই সঙ্গে কয়লা, তেল ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বড় কোনো পরিকল্পনাও এখনো স্পষ্ট হয়নি।
মঙ্গলবার সম্মেলনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার বিষয়টিকে অসম্ভব মনে করার সময় অনেক আগেই শেষ হয়েছে। তিনি দেশগুলোর প্রতি আহ্বান জানান, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কীভাবে এবং কত দিনের মধ্যে কমানো হবে, সে বিষয়ে স্পষ্ট সময়সীমা নির্ধারণ করতে হবে।
এর আগে ব্রাজিলে অনুষ্ঠিত কপ সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে একটি বৈশ্বিক পরিকল্পনা তৈরির বিষয়ে দেশগুলো একমত হতে পারেনি। তবে গত কয়েক সপ্তাহে ব্রাজিলের সম্মেলনের আয়োজকেরা এ বিষয়ে একটি রূপরেখা প্রকাশ করেছেন। জলবায়ু আলোচনায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে ধরে রাখাই এর লক্ষ্য।
রূপরেখায় বলা হয়েছে, ২০২৮ সালের মধ্যে দেশগুলোকে নিজেদের জ্বালানি ব্যবস্থা নিয়ে পরিকল্পনা তৈরি ও পর্যালোচনা করতে হবে। এরপর ২০৩১ সাল থেকে জীবাশ্ম জ্বালানির সরবরাহ কমাতে দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।
Disqus comments are not configured yet.