জলবায়ু পরিবর্তনে নতুন ঝুঁকির মুখে বিশ্ব, সতর্ক করল জাতিসংঘ
জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক চরম আবহাওয়ার কারণে বিশ্ব এক নতুন ও মারাত্মক ঝুঁকিপূর্ণ বাস্তবতায় প্রবেশ করেছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ পরিস্থিতি মোকাবিলায় বিশ্বনেতাদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ সমবেত বিশ্বনেতাদের উদ্দেশে গুতেরেস বলেন, বিশ্ব এখন চরম জলবায়ু পরিস্থিতির যুগে প্রবেশ করেছে। এ অবস্থায় গ্রিনহাউস গ্যাসের নির্গমন দ্রুত কমানো এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার মতো জরুরি পদক্ষেপ নিতে হবে।
মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের পাশাপাশি প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ‘এল নিনো’র প্রভাবে বিশ্বজুড়ে তাপমাত্রা দ্রুত বাড়ছে। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) নতুন প্রতিবেদন অনুযায়ী, রেকর্ড থাকা সময়ের মধ্যে গত ১২ বছরের প্রতিটি বছরই সবচেয়ে উষ্ণ বছরগুলোর তালিকায় রয়েছে। এ প্রবণতা এখনো অব্যাহত।
ডব্লিউএমওর প্রধান সেলেস্তে সাওলো সতর্ক করে বলেছেন, বর্তমানে শক্তিশালী এল নিনোর প্রভাবে আগামী বছর পর্যন্ত আরও ভয়াবহ তাপপ্রবাহ ও চরম আবহাওয়া দেখা দিতে পারে। এমনকি ২০২৭ সালেও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির নতুন রেকর্ড হতে পারে।
চলতি বছরের প্রথম নয় মাসে বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক্-শিল্পায়ন যুগের তুলনায় ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়েছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে বিশ্বের মিঠাপানির মজুত কমছে, দ্রুত গলছে হিমবাহ এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা নতুন রেকর্ডে পৌঁছেছে।
তবে এই পরিস্থিতির মধ্যে আশার দিক হলো, বিশ্বজুড়ে আগাম সতর্কীকরণ ব্যবস্থার বিস্তার। প্রাকৃতিক দুর্যোগের আগাম বার্তা দেওয়ার মতো আধুনিক ব্যবস্থা রয়েছে—এমন দেশের সংখ্যা ২০১৫ সালের ৫৫টি থেকে বেড়ে বর্তমানে ১৩৬টিতে দাঁড়িয়েছে।
জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং নতুন বিপর্যয় এড়াতে আগাম সতর্কীকরণ প্রযুক্তি ও তথ্য সংগ্রহের কাজে আরও বেশি অর্থ বিনিয়োগের আহ্বান জানিয়েছে ডব্লিউএমও। সংস্থাটির মতে, সময় থাকতে বিশ্বব্যাপী যৌথ পদক্ষেপ না নিলে ভবিষ্যতের আবহাওয়া পরিস্থিতি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।







Disqus comments are not configured yet.