করিমগঞ্জে সমবায় সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ, মানববন্ধন ও স্মারকলিপি
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ২০২৬ সালের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অনিয়ম, দুর্নীতি, গোপনে মনোনয়ন কার্যক্রম পরিচালনা এবং প্রহসনমূলক নির্বাচনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদে স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছেন সচেতন সমবায়ী ও সাধারণ সদস্যরা। পরে তাঁরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) করিমগঞ্জ প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, আসন্ন নির্বাচনের তফসিল ও মনোনয়ন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট প্রাথমিক সমবায় সমিতিগুলোকে কোনো লিখিত নোটিশ দেওয়া হয়নি। এমনকি যথাযথভাবে মৌখিকভাবেও অবহিত করা হয়নি। অভিযোগকারীদের দাবি, সংশ্লিষ্ট সমিতিগুলোকে অন্ধকারে রেখে গোপনে মনোনয়ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এমনকি অর্থের বিনিময়ে পছন্দের প্রার্থীদের মনোনয়ন দেওয়ার অভিযোগও তোলা হয়েছে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, সাধারণ সদস্যরা উপজেলা কেন্দ্রীয় সমবায় কার্যালয়ে গিয়ে নির্বাচনের বিষয়ে খোঁজখবর নিতে গিয়ে কথিত এসব অনিয়মের বিষয় জানতে পারেন। বিষয়টি জানাজানি হওয়ার পর সমিতির সদস্যদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়।
এ ছাড়া মনোনয়নপ্রাপ্ত একজন প্রার্থীর সদস্যপদ ও ঠিকানা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাঁদের দাবি, ওই ব্যক্তি কোনো প্রাথমিক সমবায় সমিতির বৈধ সদস্য নন। অথচ তাঁর মনোনয়ন ফরমে সিদলারপাড় সমিতির সদস্য হিসেবে পরিচয় উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, তাঁর স্থায়ী ও বর্তমান ঠিকানা পশ্চিম নয়াকান্দি বলে দাবি করা হয়েছে। এ অবস্থায় ওই ব্যক্তির সদস্যপদ, ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং প্রার্থিতা গ্রহণের বৈধতা নিরপেক্ষভাবে যাচাইয়ের দাবি জানিয়েছেন তাঁরা।
স্মারকলিপিতে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত, মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর সদস্যপদ ও মনোনয়ন ফরমে দেওয়া তথ্য যাচাই এবং কথিত গোপন মনোনয়ন কার্যক্রমের বৈধতা পরীক্ষা করার দাবি জানানো হয়েছে। তদন্তে কোনো অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়।
পাশাপাশি অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিতর্কিত নির্বাচনী কার্যক্রম স্থগিত রাখা, সব বৈধ ভোটার ও প্রাথমিক সমবায় সমিতিকে অবহিত করে বিধিসম্মতভাবে নির্বাচনী তফসিল ঘোষণা এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। তাঁদের প্রত্যাশা, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সাধারণ সদস্যদের ভোটাধিকার নিশ্চিত করা হবে।
স্মারকলিপি প্রদানকারীরা বলেন, সমবায় সমিতির নির্বাচন হতে হবে স্বচ্ছতা, জবাবদিহি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিত্তিতে। কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ সদস্যদের ভোটাধিকার ক্ষুণ্ন করা হলে সমবায় ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট হবে। তাই অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তাঁরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আসন্ন নির্বাচন ঘিরে উত্থাপিত অভিযোগগুলোর দ্রুত নিষ্পত্তি এবং সাধারণ সদস্যদের মতামতের প্রতিফলন ঘটিয়ে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানান।
মানববন্ধনে সমবায়ী নেতৃবৃন্দ আবুল হাশেম, হাবিবুর রহমান মড়ল, সাইফুল ইসলাম, বুরহান উদ্দিন ও হেলাল উদ্দিনসহ সমবায়ী সমিতির সাধারণ সদস্যরা অংশ নেন।







Disqus comments are not configured yet.