শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

পাকুন্দিয়ায় সংঘর্ষ মামলায় আ’লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক স্বপন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
পাকুন্দিয়ায় সংঘর্ষ মামলায় আ’লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক স্বপন গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মোতায়েম হোসেন স্বপন (৬৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে পাকুন্দিয়া পৌরসভার চর পাকুন্দিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া মোতায়েম হোসেন স্বপন ওই এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক চান্দু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৭ আগস্ট পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের তালতলী বাজারে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এই ঘটনায় বিএনপি কর্মী শামীম মিয়া বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৭৬ জনের নাম উল্লেখসহ ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এই মামলায় বুধবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে পাকুন্দিয়া পৌরসভার চর পাকুন্দিয়া এলাকার নিজ বাড়ি থেকে মোতায়েম হোসেন স্বপনকে গ্রেফতার করা হয়।

পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারের পর আসামি মোতায়েম হোসেন স্বপনকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।


হোসেনপুরে চুরি যাওয়া ট্রাক্টর সুনামগঞ্জ থেকে উদ্ধার, মালিকের কৃতজ্ঞতা প্রকাশ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ণ
হোসেনপুরে চুরি যাওয়া ট্রাক্টর সুনামগঞ্জ থেকে উদ্ধার, মালিকের কৃতজ্ঞতা প্রকাশ

অবশেষে সন্ধান মিলল হোসেনপুর পৌরসভা ভবনের সামনে থেকে চুরি যাওয়া সেই আলোচিত আইশার ট্রাক্টরের। কিশোরগঞ্জের হোসেনপুর থেকে চুরি হওয়ার প্রায় এক সপ্তাহ পর সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর এলাকা থেকে ট্রাক্টরটি উদ্ধার করেছে পুলিশ।

গত ২৩ এপ্রিল ২০২৬ রাতে হোসেনপুর পৌর ভবনের পূর্ব দিকে শহীদ মিনার সংলগ্ন ফাঁকা জায়গা থেকে ৯ লাখ ৫ হাজার টাকা মূল্যের আইশার ট্রাক্টরটি চুরি হয়। এ ঘটনায় ট্রাক্টরের মালিক মোঃ কামরুজ্জামান কাঞ্চন হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পর পুলিশ ও সাংবাদিকদের তৎপরতায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু হয়। প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১ মে) সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাক্টরটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

ট্রাক্টর ফিরে পেয়ে আবেগাপ্লুত মালিক মোঃ কামরুজ্জামান কাঞ্চন বলেন, “আলহামদুলিল্লাহ। প্রথমে মহান আল্লাহর নিকট লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। এলাকাবাসীর দোয়া, সাংবাদিক ও প্রিন্ট মিডিয়ার ভাই-বন্ধু এবং প্রশাসনের সার্বিক সহযোগিতায় আমার ট্রাক্টরটি পাওয়া গেছে। আমি সকলের প্রতি এর জন্য কৃতজ্ঞতা স্বীকার করছি।”

তিনি আরও বলেন, চুরির ঘটনার পর আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। পত্রিকায় নিউজ হওয়ার পর পুলিশ আরও তৎপর হয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় আজ আমার সম্পদ ফিরে পেলাম।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, চুরি যাওয়া ট্রাক্টরটি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে উদ্ধার করা হয়েছে। চোর চক্রের সদস্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি আন্তঃজেলা চোরচক্রের কাজ। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

পৌর ভবনের মতো গুরুত্বপূর্ণ স্থানের সামনে থেকে ট্রাক্টর চুরির ঘটনায় হোসেনপুর পৌরবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল। দ্রুত সময়ের মধ্যে ট্রাক্টরটি উদ্ধার হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী পুলিশ প্রশাসন ও সংবাদকর্মীদের দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল “প্রশাসনের নাকের ডগায় ট্রাক্টর চুরি, উদ্বেগ হোসেনপুর পৌরবাসীর” শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’

সারা দেশে একযোগে মেধা অন্বেষণের মহাপরিকল্পনা ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উদ্বোধনের অংশ হিসেবে কিশোরগঞ্জেও অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতার সূচনা হয়েছে। গতকাল শনিবার (২ মে) প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করার পর কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা পর্যায়ের আয়োজনের যাত্রা শুরু হয়।
সুস্থ বিনোদন এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহ প্রদান করেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম, সংসদ সদস্য অ্যাডভোকেট জালালউদ্দিন এবং সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল এবং জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান।
আশির দশকের জনপ্রিয় মেধা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র ধারাবাহিকতায় ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য আয়োজিত এই কর্মসূচিতে ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্সসহ মোট আটটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এই যুগান্তকারী আয়োজন তরুণদের মাদক ও বিপথগামিতা থেকে দূরে রেখে একটি দক্ষ ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে সহায়তা করবে।
মাঠজুড়ে দর্শকদের করতালি আর বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও এই ক্রীড়া উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর ‘তৃণমূল থেকে বিশ্বমঞ্চ’ ভিশন বাস্তবায়নে কিশোরগঞ্জের এই সুপ্ত প্রতিভাদের রাষ্ট্রীয়ভাবে বিকাশের সব ধরনের সুযোগ নিশ্চিত করা হবে।

কটিয়াদীতে হাওরে নৌকা ডুবিতে প্রাণ গেল ধান কাটা শ্রমিকের

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার: প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৯:১১ অপরাহ্ণ
কটিয়াদীতে হাওরে নৌকা ডুবিতে প্রাণ গেল ধান কাটা শ্রমিকের

কিশোরগঞ্জের কটিয়াদীতে হাওরে ধান কাটতে গিয়ে নৌকা ডুবিতে আরিফুল ইসলাম কালুমিয়া (২০) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) বিকেলে উপজেলার চান্দপুর ইউনিয়নের রৌয়ার বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম ময়মনসিংহের ফুলপুর উপজেলার সন্ন্যাসীচর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দিনের কাজ শেষে ধান বোঝাই নৌকায় করে ফিরছিলেন আরিফুল ও তার সহকর্মী জসিম। পথে হঠাৎ নৌকাটি ডুবে গেলে জসিম সাঁতরে তীরে উঠতে পারলেও আরিফুল পানিতে তলিয়ে যান।
ঘটনার পরপরই স্থানীয় লোকজনের সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে নামে। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর ডুবুরিদের সহায়তায় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে আরিফুলের মরদেহ উদ্ধার করা হয়।
চান্দপুরের সেকেরপাড়া গ্রামের বাসিন্দা ইসমাঈল হোসেন বলেন, প্রতিদিনের মতো কাজ শেষে ফেরার পথেই এমন দুর্ঘটনা—এটা খুবই হৃদয়বিদারক।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
হাওরজুড়ে ধান কাটার মৌসুমে এমন দুর্ঘটনা স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আরিফুলের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।