দ্বিতীয় বিয়েতে স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়: হাইকোর্টের ব্যাখ্যা
বাংলাদেশে মুসলিম পুরুষদের দ্বিতীয় বিয়ে নিয়ে দীর্ঘদিনের প্রচলিত ধারণায় গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি শেষে আদালত বলেছেন, দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি আবশ্যক নয়; বরং আরবিট্রেশন কাউন্সিলের অনুমতিই এ বিষয়ে আইনগত ভিত্তি।
মুসলিম আইনে পুরুষের জন্য একাধিক বিয়ের অনুমতি থাকলেও দেশের বাস্তবতায় বিষয়টি দীর্ঘদিন ধরে সামাজিক ও নৈতিক বিতর্কের কেন্দ্রে ছিল। অনেকের ধারণা ছিল, প্রথম স্ত্রীর সম্মতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা আইনত দণ্ডনীয় অপরাধ। তবে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে এ বিষয়ে ভিন্ন ব্যাখ্যা উঠে এসেছে।
২৪ পৃষ্ঠার রায়ে আদালত উল্লেখ করেন, মুসলিম পারিবারিক আইন অনুযায়ী দ্বিতীয় বিয়ের অনুমতির বিষয়টি আরবিট্রেশন কাউন্সিলের এখতিয়ারভুক্ত। আইনটিতে কোথাও সরাসরি স্ত্রীর অনুমতিকে বাধ্যতামূলক হিসেবে উল্লেখ করা হয়নি। ফলে কাউন্সিলের অনুমতি থাকলে স্ত্রীর সম্মতি না থাকলেও তা আইনের পরিপন্থী নয়।
রায়ে আরও বলা হয়, ১৮৬০ সালের দণ্ডবিধির ৪৯৪ ধারায় স্বামী বা স্ত্রী জীবিত থাকা অবস্থায় অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান ছিল। তবে ১৯৬১ সালে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ প্রণীত হওয়ার পর পুরুষের দ্বিতীয় বিয়ের বিষয়টি আলাদা আইনি কাঠামোর আওতায় আনা হয়। সে অনুযায়ী, আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে এক বছর পর্যন্ত কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
এদিকে এই রায়ের বিরুদ্ধে রিটকারীরা আপিল করার ঘোষণা দিয়েছেন। তাঁদের আশঙ্কা, এ সিদ্ধান্তের ফলে বহুবিবাহ সংক্রান্ত নিয়ন্ত্রণ ও নীতিমালা দুর্বল হয়ে পড়তে পারে। তাঁদের মতে, নারী ও পুরুষের ক্ষেত্রে সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতেই তারা আদালতের শরণাপন্ন হয়েছিলেন।
সমাজবিজ্ঞানীরা মনে করছেন, আর্থিক সক্ষমতা বা মানসিক প্রলোভনের কারণে কিছু ক্ষেত্রে একাধিক বিয়ের সুযোগ অপব্যবহারের ঝুঁকি থাকে। এতে পারিবারিক অস্থিরতা ও সামাজিক বৈষম্য বাড়তে পারে বলেও তারা মত দিয়েছেন। এজন্য বিষয়টি সর্বোচ্চ আদালতে চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আইন বিশেষজ্ঞদের ধারণা, আপিল বিভাগে বিষয়টি গড়ালে তা আইন ও সমাজ—উভয় ক্ষেত্রেই ব্যাপক আলোচনার জন্ম দেবে।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array