তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান আর নেই
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সচিব এম হাফিজ উদ্দিন খান মারা গেছেন।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় তিনি মরহুমের দীর্ঘ কর্মজীবনে রাষ্ট্র ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেছেন।
ড. ইউনূস বলেন, “এম হাফিজ উদ্দিন খান একজন সৎ, প্রজ্ঞাবান ও দায়িত্বশীল রাষ্ট্রকর্মী ছিলেন। রাষ্ট্রসেবায় তাঁর নিষ্ঠা ও নৈতিক অবস্থান অনুকরণীয়। ব্যক্তিগত জীবনেও তিনি আমার একজন সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। জীবনের নানা সময়ে তার প্রজ্ঞা, মানবিকতা ও স্পষ্টভাষিতা আমাকে সমৃদ্ধ করেছে। তার মৃত্যুতে একজন বিশ্বস্ত সহকর্মী ও বন্ধুকে হারালাম।”
তিনি আরও উল্লেখ করেন, “হাফিজ উদ্দিন খান কর্মজীবনে যে সততা, নিষ্ঠা ও দক্ষতা দেখিয়েছেন এবং পরবর্তীতে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় যে ভূমিকা রেখেছেন, তা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
ড. ইউনূস মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রসঙ্গত, এম হাফিজ উদ্দিন খান ডাক, টেলিযোগাযোগ ও অন্যান্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনাসহ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন।







