মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন ৯ এপ্রিল, আজ তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২২ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন ৯ এপ্রিল, আজ তফসিল ঘোষণা

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসি সূত্রে এ তথ্য জানা যায়। এ বিষয়ে আজই তফসিল ঘোষণা করবে সাংবিধানিক সংস্থাটি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন তারেক রহমান। পরে গত ১৬ ফেব্রুয়ারি তিনি নির্বাচনী এলাকা–১৯০ ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে নির্বাচন কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। এর ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

অন্যদিকে, গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

নতুন ঘোষিত তফসিল অনুযায়ী এখন দুই আসনেই উপনির্বাচনের প্রস্তুতি শুরু করবে নির্বাচন কমিশন।

বর্ণিল আয়োজনে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ
বর্ণিল আয়োজনে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

বছর ঘুরে আবারও এলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। জীর্ণ-পুরাতন, অশুভ ও অসুন্দরকে পেছনে ফেলে নতুনের আহ্বান নিয়ে শুরু হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দ। এ উপলক্ষে কিশোরগঞ্জে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার(১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পুরাতন স্টেডিয়াম প্রাঙ্গণে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরিবেশনায় অংশ নেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। পরে বেলুন উড়িয়ে বৈশাখী মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পুরাতন স্টেডিয়াম থেকে শুরু হয়ে আখড়াবাজার মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামে এসে শেষ হয়। ঢাক-ঢোল, মুখোশ, ব্যানার ও লোকজ উপকরণে সাজানো এই শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে একুশে পদকপ্রাপ্ত গুণীজন ইসলাম উদ্দীন পালাকারের পরিবেশনা বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। নাচ, গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান এবং জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এম. এম. ফরহাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।

অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের সময় সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। পরে দলীয় নৃত্য পরিবেশনের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

একই দিনে কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর শিক্ষক-শিক্ষার্থীরাও পৃথকভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। এসব আয়োজন শহরের উৎসবমুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

এদিকে, বৈশাখী মেলায় বিভিন্ন স্টলে দেশীয় পণ্য ও লোকজ সামগ্রী প্রদর্শন করা হয়, যা দর্শনার্থীদের আকর্ষণ করে।

আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপর উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে পুরো আয়োজন সম্পন্ন হয়। নববর্ষকে ঘিরে কিশোরগঞ্জের সর্বস্তরের মানুষের মধ্যে ছিল উৎসবের আমেজ। নতুন বছরের প্রত্যাশা ও শুভকামনায় মুখর হয়ে ওঠে পুরো শহর।

কুলিয়ারচরে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
কুলিয়ারচরে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পুলিশি অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার (১২ এপ্রিল) বড়চারা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নিকলী থানার উপপরিদর্শক (এসআই) এম নঈমুল ইসলাম মোস্তাক। তার সঙ্গে অন্যান্য পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে বড়চারা বাজার এলাকা থেকে ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভৈরব রেলওয়ে স্টেশনে দুই চোর-ছিনতাইকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
ভৈরব রেলওয়ে স্টেশনে দুই চোর-ছিনতাইকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে চুরি ও ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন—চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নওরা গ্রামের সুমন পাঠানের ছেলে মেহেদি হাসান (২৪) এবং নরসিংদী জেলার পলাশ থানাধীন চরনগরদী গ্রামের আনোয়ার মিয়ার ছেলে সবুজ মিয়া (২২)।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ জানান, আটককৃতরা চিহ্নিত চোর ও ছিনতাইকারী। তারা স্টেশন এলাকায় সুযোগ বুঝে যাত্রীদের কাছ থেকে টাকা-পয়সা ও মালামাল চুরি করত। কখনও নির্জন স্থানে যাত্রীদের পেয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করত বলেও অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে রেলওয়ে থানায় একাধিক মামলা রয়েছে। আটক দুই আসামির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যথাক্রমে দুই মাস ও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।