মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে ব্যয় ৩,১৫০ কোটি

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে ব্যয় ৩,১৫০ কোটি

সরকার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য মোট ৩ হাজার ১৫০ কোটি টাকা ব্যয় করবে। এর মধ্যে এক-তৃতীয়াংশ অর্থ চলতি বাজেটের ‘অপ্রত্যাশিত খাত’ থেকে জোগান দেওয়া হবে।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় পূর্বনির্ধারিত বরাদ্দের চেয়ে অতিরিক্ত অর্থের প্রয়োজন দেখা দিয়েছে। এ অতিরিক্ত চাহিদা পূরণে অপ্রত্যাশিত খাতের ৪ হাজার কোটি টাকা থেকে ১ হাজার ৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সম্প্রতি এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য ২ হাজার ৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। অপ্রত্যাশিত খাত থেকে অতিরিক্ত বরাদ্দ যুক্ত হওয়ায় নির্বাচনের জন্য সরকারের মোট ব্যয় দাঁড়িয়েছে ৩ হাজার ১৫০ কোটি টাকায়।

সূত্র অনুযায়ী, অর্থ বিভাগ থেকে অর্থ উপদেষ্টার কাছে ব্যয় অনুমোদনের জন্য একটি সারসংক্ষেপ উপস্থাপন করা হয়। এতে উল্লেখ করা হয়, বাজেটে নির্বাচন কমিশনের বিশেষ কার্যক্রমের জন্য বরাদ্দকৃত ২ হাজার ৮০ কোটি টাকা শুধুমাত্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত। এর মধ্যে ৫০ শতাংশ অর্থ, অর্থাৎ ১ হাজার ৪০ কোটি টাকা ইতোমধ্যে ছাড় করা হয়েছে। বাকি অর্থ ছাড় প্রক্রিয়াধীন।

জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে গণভোট অনুষ্ঠিত হওয়ায়, প্রবাসী ভোটার এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অভ্যন্তরীণ ভোটারদের জন্য পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোটগ্রহণ চালু করতে নির্বাচন কমিশন অতিরিক্ত ১ হাজার ৭০ কোটি টাকা চেয়েছে। এই চাহিদাকে যৌক্তিক বলে সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে।

চলতি অর্থবছরে নির্বাচন কমিশনের জন্য জাতীয় বাজেটে মোট বরাদ্দ রয়েছে ২ হাজার ৭২৬ কোটি টাকা। তবে এই বরাদ্দ দিয়ে অতিরিক্ত ব্যয় মেটানো সম্ভব না হওয়ায় অপ্রত্যাশিত খাত থেকে অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, মূল বরাদ্দের প্রথম কিস্তি হিসেবে ১ হাজার ৪০ কোটি টাকা ছাড় করা হয়েছে। পাশাপাশি বর্ধিত ব্যয়ের প্রথম কিস্তি হিসেবে ২৬৭ কোটি টাকা ইতোমধ্যে অপ্রত্যাশিত খাত থেকে দেওয়া হয়েছে। অবশিষ্ট ৮০২ কোটি টাকা ধাপে ধাপে ছাড় দেওয়া হবে।

নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, ত্রয়োদশ সংসদ নির্বাচনের ব্যয় আগের নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে মোট ব্যয় হয়েছিল ২ হাজার ২৭৬ কোটি টাকা।

অর্থ উপদেষ্টা জানিয়েছেন, দেশের অর্থনীতি কিছুটা চাপের মুখে থাকলেও নির্বাচন ব্যয় নিয়ে কোনো সংকট হবে না। নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে।

অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘ভালো নির্বাচন আয়োজন করতে পর্যাপ্ত অর্থ প্রয়োজন। অপ্রত্যাশিত খাত থেকে অর্থ বরাদ্দ দেওয়া হলে সমস্যা নেই। তবে শিক্ষা, স্বাস্থ্য বা যোগাযোগ খাতের বরাদ্দ কমিয়ে নির্বাচন ব্যয় বাড়ালে তা উদ্বেগজনক হতো। নির্বাচনী ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।’

এদিকে অর্থ মন্ত্রণালয় নির্বাচন কমিশনের জন্য বরাদ্দকৃত অর্থ ব্যবহারে কিছু শর্ত দিয়েছে। এতে বলা হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট-২০২৬ ও পাবলিক প্রকিউরমেন্ট রুলস-২০২৫সহ সব আর্থিক বিধিবিধান অনুসরণ করতে হবে। বরাদ্দকৃত অর্থ সাশ্রয় হলে ৩০ জুনের মধ্যে তা কোষাগারে ফেরত দিতে হবে। কোনো অনিয়ম ধরা পড়লে দায় নির্বাচন কমিশনের ওপর বর্তাবে।

অর্থ বিভাগের এক কর্মকর্তা জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ১৮টি খাতে ব্যয় করা হবে।

নির্বাচন কমিশনের ব্যয় বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি ব্যয় হবে সংশ্লিষ্টদের দৈনিক খোরাকি ভাতায়—৭৩০ কোটি টাকা। সরকারি গাড়ির জ্বালানি বাবদ ব্যয় ধরা হয়েছে ২৯৮ কোটি টাকা এবং চুক্তিভিত্তিক যানবাহনে ২০১ কোটি টাকা। মনিহারি পণ্য ক্রয়ে ব্যয় হবে ৫৮১ কোটি টাকা, সম্মানি বাবদ ৫১৫ কোটি, যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়ে ১৬২ কোটি, মুদ্রণ ও বাঁধাইয়ে ১০৮ কোটি, যাতায়াত ভাতায় ১০৯ কোটি এবং বিজ্ঞাপন ও প্রচারে ১০৩ কোটি টাকা। এছাড়া আপ্যায়ন খাতে ১৮৪ কোটি, পরিবহণ ব্যয় ৮০ কোটি, শ্রমিক মজুরি ৩১ কোটি, স্ট্যাম্প ও সিল ১৭ কোটি, মেশিন ভাড়া ১৫ কোটি, প্রশিক্ষণ ৭ কোটি, ব্যালট বাক্স ৫ কোটি এবং অন্যান্য খাতে ৩ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

ইসি সূত্র জানিয়েছে, সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য বিশ্বের ১২৩টি দেশ থেকে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। প্রতিটি ভোট গ্রহণে সরকারের গড় ব্যয় হচ্ছে প্রায় ৭০০ টাকা।

সংসদ নির্বাচনে প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে প্রচারণা চালালেও গণভোটে কোনো প্রার্থী বা প্রতীক না থাকায় নির্বাচন কমিশন সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে। এতে নির্বাচন কার্যক্রমের পরিধি বাড়ছে এবং ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ বাবদ ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ কোটি টাকা।

আগের নির্বাচনের ব্যয়ের তুলনায় দেখা যায়, ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ব্যয় হয়েছিল প্রায় ৭০০ কোটি টাকা। দশম সংসদ নির্বাচনে ব্যয় ছিল ২৬৫ কোটি এবং ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে ব্যয় হয়েছিল প্রায় ১৬৫ কোটি টাকা। সময়ের সঙ্গে সঙ্গে ব্যবস্থাপনা ও উপকরণের ব্যয় বৃদ্ধি পাওয়ায় নির্বাচন আয়োজনের খরচও ধারাবাহিকভাবে বাড়ছে।

ভৈরবে পৃথক দুই অভিযানে গাঁজাসহ চার নারী ও এক পুরুষ আটক

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ
ভৈরবে পৃথক দুই অভিযানে গাঁজাসহ চার নারী ও এক পুরুষ আটক

কিশোরগঞ্জের ভৈরবে পৃথক অভিযানে ৬ কেজি গাঁজাসহ চার নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেল। অভিযানে উদ্ধার করা মাদকের মধ্যে একটি ঘটনায় তিন নারীর কাছ থেকে ২ কেজি এবং অপর ঘটনায় দুইজনের কাছ থেকে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে শহরের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আছিয়া আক্তার (২৮), ইতি বেগম (৪১) ও পপি বেগম (২৫) নামে তিন নারীকে গ্রেপ্তার করা হয়। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ওই তিনজনের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তথ্যে জানা যায়, তারা কৌশলে গাঁজা বহনের চেষ্টা করছিলেন।

একই দিনে পৃথক আরেকটি অভিযানে ৪ কেজি গাঁজাসহ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রোকসানা আক্তার (৩৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মো. সিরাজ মিয়া (৪৮) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে গ্রেপ্তার ব্যক্তিদের রাত ৯টার দিকে ভৈরব থানায় হস্তান্তর করে।

ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে মোট ৬ কেজি গাঁজাসহ চার নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।”

তিনি আরও জানান, মাদক পাচার ও বেচাকেনা রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ
ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশীয় অস্ত্রসহ হামলার অভিযোগে জিয়া উদ্দিন (৪৮) নামে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) ভোরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার জিয়া উদ্দিন উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কালিকাপ্রসাদ দক্ষিণপাড়া এলাকার সায়েদ মেম্বারের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার বলে জানা গেছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলার ঘটনায় জিয়া উদ্দিনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। প্রাথমিক তথ্যানুসন্ধানে তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী বলেও জানা যায়।

ওসি আরও বলেন, আন্দোলনে আহত পৌর শহরের জগন্নাথপুর এলাকার বাসিন্দা মামুন মিয়া বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার এজাহারে জিয়া উদ্দিনের নাম না থাকলেও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় এজাহারভুক্ত এবং তদন্তে সম্পৃক্ত হিসেবে চিহ্নিত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে জিয়া উদ্দিনের গ্রেপ্তারের ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পরিবারের দাবি, মামলার এজাহারে তাঁর নাম না থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হয়েছে, যা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায়ও ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের মতে, তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদ্‌ঘাটন হওয়া প্রয়োজন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত মামুন মিয়া ২০২৪ সালের ১ সেপ্টেম্বর কিশোরগঞ্জ আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ নাজমুল হাসান পাপনকে প্রধান আসামি করে ১১৭ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।

গোলের খোঁজে রোনালদো, নকআউটের পথে জিততেই হবে পর্তুগালকে

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ
গোলের খোঁজে রোনালদো, নকআউটের পথে জিততেই হবে পর্তুগালকে

হতাশাজনক ড্র দিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ অভিযান শুরু করা পর্তুগাল এবার মাঠে নামছে প্রথম জয়ের লক্ষ্যে। ‘কে’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের প্রতিপক্ষ বিশ্বকাপে অভিষেক হওয়া উজবেকিস্তান। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১১টায় হিউস্টনে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।

আসরে এটি দুই দলেরই দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে পর্তুগাল, অন্যদিকে বিশ্বকাপের অভিষেক ম্যাচে কলম্বিয়ার কাছে ৩-১ গোলে হেরে যায় উজবেকিস্তান। ফলে নকআউট পর্বের আশা জিইয়ে রাখতে উভয় দলের জন্যই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে ম্যাচের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হওয়া সত্ত্বেও বড় টুর্নামেন্টে (বিশ্বকাপ ও ইউরো) দীর্ঘদিন ধরে গোলখরায় ভুগছেন তিনি।

পরিসংখ্যান বলছে, বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে নিজের সর্বশেষ ১০ ম্যাচে কোনো গোল করতে পারেননি রোনালদো। এই সময়ে তিনি মোট ৩৩টি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছেন ১১টি, কিন্তু একবারও জালের দেখা পাননি।

আরও বিস্ময়কর তথ্য হলো, পেনাল্টি বাদ দিলে বড় টুর্নামেন্টে টানা ১৩ ম্যাচ ধরে গোলহীন রয়েছেন এই পর্তুগিজ মহাতারকা। এ সময় গোলের উদ্দেশ্যে তিনি নিয়েছেন ৪২টি শট।

অন্যদিকে, আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে এই প্রথমবার মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও উজবেকিস্তান। তাই ম্যাচটি দুই দলের জন্যই নতুন অভিজ্ঞতা হয়ে উঠতে যাচ্ছে।

পর্তুগালের সাম্প্রতিক পরিসংখ্যানও খুব স্বস্তিদায়ক নয়। বিশ্বকাপে এশিয়ান কনফেডারেশনের দলগুলোর বিপক্ষে নিজেদের শেষ দুই ম্যাচে জয় পায়নি তারা। ২০১৮ সালে ইরানের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর ২০২২ সালে দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে হেরে যায় ইউরোপের দলটি।

উজবেকিস্তানের রেকর্ডও খুব আশাব্যঞ্জক নয়। উয়েফাভুক্ত দেশগুলোর বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের শেষ ২৩ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে তারা। বাকি ২২ ম্যাচের মধ্যে ১০টি ড্র এবং ১২টিতে হারতে হয়েছে। একমাত্র জয়টি আসে ২০২২ সালের নভেম্বরে কাজাখস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলের ব্যবধানে।

সব মিলিয়ে, ম্যাচটি যেমন পর্তুগালের জন্য প্রথম জয়ের মিশন, তেমনি রোনালদোর জন্যও ব্যক্তিগত গোলখরা কাটানোর বড় সুযোগ। অন্যদিকে, ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে মাঠে নামবে বিশ্বকাপের নবাগত উজবেকিস্তান।