কিশোরগঞ্জ–১ আসনে বিএনপির নির্বাচনী মিছিল, প্রতীক ঘোষণার পর প্রথম বড় শোডাউন
আসন্ন ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ–১ (কিশোরগঞ্জ সদর–হোসেনপুর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতীক ঘোষণার পর এটিই ছিল বিএনপির প্রথম বড় নির্বাচনী কর্মসূচি।
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যার পর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিছিলটি বের হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার শহীদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। মিছিলটি হারুয়া মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক ও গলি প্রদক্ষিণ করে।
মিছিলে অংশগ্রহণকারীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যাপক প্রচারণা চালান। এতে এলাকায় নির্বাচনী আমেজ সৃষ্টি হয়।
উল্লেখ্য, কিশোরগঞ্জ জেলায় মোট ছয়টি সংসদীয় আসনের মধ্যে কিশোরগঞ্জ–১ ও কিশোরগঞ্জ–৫ আসনে বিএনপির একাধিক বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
কিশোরগঞ্জ–১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হলেন মাজহারুল ইসলাম। তিনি জেলা বিএনপির তিনবারের সাবেক সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিন ধরে আন্দোলন–সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছেন। এর আগে তিনি পৌর মেয়র নির্বাচনেও অংশগ্রহণ করেছিলেন।
অন্যদিকে, গত তিনটি সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম খান চুন্নু এবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া এই আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেনি বাংলাদেশ খেলাফত মজলিসের হেদায়েত উল্লাহ হাদী (রিকশা), সিপিবির মো. এনামুল হক (কাস্তে), বাসদের মো. মাসুদ মিয়া (মই), বাসদ (মার্কসবাদী)-এর আলাল মিয়া (কাঁচি), খেলাফত মজলিসের আহমদ আলী (দেয়াল ঘড়ি) এবং ন্যাশনাল পিপলস পার্টির তারেক মোহাম্মদ শহিদুল ইসলাম (আম)।
নির্বাচনের সময় ঘনিয়ে আসায় কিশোরগঞ্জ–১ আসনে রাজনৈতিক তৎপরতা ও প্রচারণা ক্রমেই জোরালো হয়ে উঠছে।










