কিশোরগঞ্জ সদরে জমে উঠেছে ভোটের মাঠ, বিএনপির বিদ্রোহী প্রার্থী চুন্নুর বিশাল মিছিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর–হোসেনপুর) আসনে জমে উঠেছে নির্বাচনী মাঠ। ১১ দলীয় জোট থেকে জামায়াতের প্রার্থী না থাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম খান চুন্নুই এ আসনে ধানের শীষের প্রধান প্রতিপক্ষ হিসেবে আলোচনায় উঠে এসেছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জ শহরের বটতলায় পুরাতন স্টেডিয়াম থেকে রেজাউল করিম খান চুন্নুর নেতৃত্বে মোরগ প্রতীকের প্রচারণায় একটি বিশাল নির্বাচনী মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি মোড় চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে তার সমর্থক ও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
রেজাউল করিম খান চুন্নু এবারের নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে ‘মোরগ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে তিনি দুই দফা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচন করেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক বিভাগীয় স্পেশাল জজ। জজ এসোসিয়েশনের একাধিকবারের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার সুনাম রয়েছে জেলা বিএনপির সাবেক এই সহ-সভাপতির।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রেজাউল করিম খান চুন্নু বলেন, “কিশোরগঞ্জ আমার জন্মভূমি। এখানকার সকল শ্রেণি-পেশার মানুষ, উর্বর মাটি, সংস্কৃতি ও ইতিহাসই আমাদের পরিচয় বহন করে। কিন্তু আমাদের প্রিয় কিশোরগঞ্জ-১ আসন কি তার পূর্ণ সম্ভাবনা অনুযায়ী এগিয়ে যেতে পেরেছে?”
তিনি আরও বলেন, “আমি প্রতিশ্রুতি দিতে আসিনি, বাস্তবভিত্তিক পরিবর্তন আনতেই এসেছি। একটি সমৃদ্ধ, কর্মচঞ্চল, বৈষম্যহীন ও শান্তিপূর্ণ কিশোরগঞ্জ গড়াই আমার লক্ষ্য।”
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ‘মোরগ’ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সহযোগিতা পেলে একটি আধুনিক কিশোরগঞ্জ গড়ে তোলা সম্ভব হবে।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array