গফরগাঁওয়ে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ
ময়মনসিংহের গফরগাঁও থানা এলাকায় এক গৃহবধূকে ধর্ষণ, আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ এবং স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ আফলিয়া খাতুন ৯ জনকে বিবাদী করে গফরগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী দীর্ঘদিন ধরে গফরগাঁও থানাধীন চরআলগী এলাকায় বসবাস করছেন। তাঁর স্বামী প্রবাসে থাকেন। একমাত্র ছেলে রাজুল মিয়া (১৯) স্থানীয় একটি মিল কারখানায় কাজ করেন। অভিযোগে বলা হয়, এ সুযোগে বিবাদীরা বিভিন্ন সময় ওই গৃহবধূকে কুপ্রস্তাব ও ভয়ভীতি দেখিয়ে আসছিলেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২০২৩ সালের ১৭ মে রাত আনুমানিক ৯টার দিকে ভুক্তভোগী নিজ ঘরের উঠানে বসে থাকা অবস্থায় বিবাদীরা অনধিকার প্রবেশ করে তাঁর ওপর হামলা চালান। এ সময় আরিফ শরীফ ও রাজিব নামে দুই বিবাদী তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। অন্য বিবাদীরা মোবাইল ফোনে ওই ঘটনার ভিডিও ধারণ ও ছবি তোলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগপত্রে আরও বলা হয়, পরে বিবাদীরা ভুক্তভোগীর ছেলে রাজুলকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। এ সময় হত্যার হুমকি দিয়ে ঘরের বাক্সে রাখা নগদ ৫০ হাজার টাকা, দুই ভরি ওজনের সোনার চেইন ও কানের দুলসহ আনুমানিক ১ লাখ ২৫ হাজার টাকার স্বর্ণালংকার এবং ঘরে থাকা অন্যান্য মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর অসুস্থ অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী ও তাঁর পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array