জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব, দূরপাল্লায় কিলোমিটারে ২০ পয়সা
ডিজেলের মূল্য লিটারে ২০ টাকা বাড়ানোর পর দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং রাজধানীসহ মহানগর এলাকায় বাসে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রস্তাবটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানো হয়েছে। চূড়ান্ত অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করে নতুন ভাড়া কার্যকর করা হবে।
বিআরটিএ সূত্র জানায়, বাসভাড়া নির্ধারণে ব্যয় বিশ্লেষণ কমিটির সুপারিশের ভিত্তিতে এ প্রস্তাব তৈরি করা হয়েছে। তবে এবার জ্বালানির দাম ছাড়া অন্য কোনো পরিচালন ব্যয় ভাড়ার সঙ্গে যুক্ত করা হয়নি। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের মূল্য যতটা বেড়েছে, ভাড়া কেবল সেই অনুপাতে সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে।
প্রচলিত হিসাব অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটারে এক টাকা বাড়লে বাসভাড়া কিলোমিটারপ্রতি এক পয়সা বৃদ্ধি পায়। সর্বশেষ ডিজেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ানো হওয়ায় দূরপাল্লার বাসে ২০ পয়সা এবং শহরের বাসে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
সোমবার রাজধানীর বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে ভাড়া বৃদ্ধি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকের আগে তারা সড়ক পরিবহন ও রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত ভাড়া সমন্বয়ের দাবি জানান।
বৈঠকে উপস্থিত সূত্র জানায়, পরিবহন মালিকদের পক্ষ থেকে দ্রুত প্রজ্ঞাপন জারির অনুরোধ জানানো হয়েছে। তাদের দাবি, সিদ্ধান্তে দেরি হলে বাড়তি দামে জ্বালানি কিনে অনেক পরিবহন নিজ উদ্যোগে ভাড়া বাড়িয়ে দিতে পারে, যা যাত্রীদের জন্য বিশৃঙ্খলার কারণ হতে পারে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন, জ্বালানির পাশাপাশি যন্ত্রাংশসহ অন্যান্য পরিচালন ব্যয়ও বেড়েছে। তবে যাত্রীদের আর্থিক চাপ বিবেচনায় কেবল জ্বালানির মূল্যবৃদ্ধির অনুপাতে ভাড়া সমন্বয়ের বিষয়ে মালিকপক্ষ সম্মত হয়েছে। তিনি দ্রুত সরকারি প্রজ্ঞাপন জারির আহ্বান জানান।
বিআরটিএর এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, মন্ত্রণালয় প্রস্তাবিত ১৮ ও ২০ পয়সা কিছুটা কমানোর বিষয় বিবেচনা করতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত প্রজ্ঞাপন প্রকাশের মাধ্যমেই জানানো হবে।
বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪২ পয়সা। দূরপাল্লার ৫২ আসনের নন-এসি বাসে ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা।
এদিকে অনেক দূরপাল্লার বাসে আসনসংখ্যা কমিয়ে ৪০ বা তারও কম রাখা হয়েছে। এসব বাসে নির্ধারিত ভাড়ার পাশাপাশি সেতু ও মহাসড়কের টোলও যুক্ত হতে পারে।
রোববার রাতে সরকার ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করে। এর আগে চলতি বছরের এপ্রিলে ডিজেলের দাম ১৫ টাকা বাড়ানো হলে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বৃদ্ধি করা হয়েছিল।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array