৩৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তাঁর সঙ্গে ৩৫ সদস্যের প্রতিনিধি দল থাকছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব।
সফরসঙ্গীদের মধ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান রয়েছেন। এছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন।
পররাষ্ট্র সচিব জানান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং নিউইয়র্কে বাংলাদেশের জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূতও সেখানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দলের সঙ্গে যুক্ত হবেন। পররাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ২১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করা হলেও পরে সফরসূচি সংক্ষিপ্ত করা হয়েছে। নিউইয়র্কে অবস্থানকালে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
জাতিসংঘের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবারের ৮১তম অধিবেশনের প্রতিপাদ্য—‘Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All’।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নিউইয়র্কে অবস্থানের সময় প্রধানমন্ত্রী জাতিসংঘের উচ্চপর্যায়ের কয়েকটি বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি বাংলাদেশ আয়োজিত বিভিন্ন আলোচনা ও বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
জাতিসংঘের এবারের উচ্চপর্যায়ের কর্মসূচির মধ্যে রয়েছে উন্নয়ন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও মহামারি প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে বৈঠক। জাতিসংঘের ফাঁকে রোহিঙ্গা সংকটসহ একাধিক বিষয়ে বাংলাদেশও আলোচনা আয়োজন করছে।
সফরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে। বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচি রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ নেওয়ার কথা রয়েছে।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array