ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জে লিফলেট ও গাছের চারা বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট এবং গাছের চারা বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন গ্রীন হিউম্যানিটি সোসাইটি (জিএইচএস)।
শুক্রবার কিশোরগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ স্থান মুক্তমঞ্চে সংগঠনটির উদ্যোগে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয়, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে গ্রীন হিউম্যানিটি সোসাইটির সদস্যরা ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিকভাবে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, শুধু মশা নিধন নয়, এডিস মশার বংশবিস্তারের উপযোগী পরিবেশ তৈরি না হওয়াই ডেঙ্গু প্রতিরোধের অন্যতম গুরুত্বপূর্ণ উপায়।
গ্রীন হিউম্যানিটি সোসাইটির প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মো. আশিকুজ্জামান আশিক বলেন, “ডেঙ্গু শুধু একটি স্বাস্থ্যঝুঁকি নয়, এটি আমাদের সচেতনতা ও নাগরিক দায়িত্বেরও একটি পরীক্ষা। আমাদের প্রত্যেকের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে এডিস মশার প্রজনন অনেকাংশে কমানো সম্ভব। তাই মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতেই আমাদের এই উদ্যোগ।”
তিনি আরও বলেন, “আমরা চাই কিশোরগঞ্জ শুধু ডেঙ্গুমুক্ত নয়, একটি পরিচ্ছন্ন, সবুজ ও সচেতন শহর হিসেবে গড়ে উঠুক। একটি লিফলেট হয়তো একজন মানুষকে সচেতন করতে পারে, আর একটি গাছ ভবিষ্যতের জন্য তৈরি করতে পারে নির্মল পরিবেশ। এই দুই বার্তাকেই আমরা একসঙ্গে মানুষের কাছে পৌঁছে দিতে চাই।”














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array