ভৈরবে রেললাইনের নাটবল্টু খুলতে গিয়ে হাতেনাতে ধরা চিহ্নিত চোর
ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের অদূরে রেললাইনের জয়েন্টের নাটবল্টু খুলে চুরির সময় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন আশিক মিয়া (৩০) নামে এক চিহ্নিত চোর ও ছিনতাইকারী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে আশিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার হেফাজতে থাকা রেললাইনের জয়েন্টের ১৪টি নাটবল্টু উদ্ধার করে জব্দ করা হয়েছে। আশিক নেত্রকোনা জেলার কেন্দুয়া থানাধীন কার্ডরা গ্রামের মৃত আব্দুল কাশেম মিয়ার ছেলে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান বলেন, রেললাইনের জয়েন্টের নাট খুলে একজন চুরি করে নিয়ে যাচ্ছে—স্থানীয়দের কাছ থেকে এমন খবর পেয়ে পুলিশ ভৈরব রেলওয়ে থানাধীন ২৬ নম্বর মেঘনা ব্রিজের কাছে পৌঁছায়। এ সময় আপলাইনের এপ্রোন লাইনের ওপর ২৩২২৫-২৬২-৬-এর মধ্যবর্তী স্থান থেকে আশিককে গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, আশিকের হেফাজতে রাখা রেললাইনের জয়েন্টে লাগানো ১৪টি নাট উদ্ধার করে জব্দ করা হয়েছে। প্রতিটি নাটের দৈর্ঘ্য ৫ দশমিক ৫ ইঞ্চি এবং ওজন ৯ দশমিক ১ কেজি। প্রতিটি নাটের আনুমানিক বাজারমূল্য ৬০০ টাকা হিসেবে ১৪টি নাটের মোট মূল্য ৮ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় আশিক মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ওসি রফিকুল হাসান আরও বলেন, রেললাইনের জয়েন্টের নাট খুলে ফেলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং নাশকতামূলক কাজ। জয়েন্টের নাট খুলে ফেলা হলে যেকোনো মুহূর্তে প্রাণহানির মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সামান্য কিছু টাকার প্রয়োজনে যারা এ ধরনের নাশকতামূলক কাজ করে, তাদের বিরুদ্ধে শুধু আইনগত ব্যবস্থা নিলেই চলবে না; জনগণকেও সচেতন হতে হবে।
তিনি চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ এবং রেললাইনের জয়েন্টের নাট খুলে ফেলা প্রতিরোধে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array