কুলিয়ারচরে অসুস্থ ঈগল উদ্ধার, নিরাপদ আশ্রয়ে বন বিভাগের কাছে
সংগ্রহীত ছবি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে অসুস্থ অবস্থায় একটি ঈগল পাখি উদ্ধার করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে পাখিটিকে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যা দেওয়ার পর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ১৬ আগস্ট রাত ৮টার দিকে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে উপজেলার তাতারকান্দি এলাকার বাসিন্দা ইসরাত জাহান প্রেমার কাছ থেকে অসুস্থ ঈগলটি উদ্ধার করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. বৃষ্টি পণ্ডিত। উদ্ধারের পর পাখিটিকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
চিকিৎসা ও পরিচর্যার পর মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে সুস্থতার দিকে থাকা ঈগলটিকে কুলিয়ারচর বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার বলেন, ‘বন্যপ্রাণী আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। কোনো বন্যপ্রাণী অসুস্থ বা বিপদগ্রস্ত অবস্থায় পাওয়া গেলে সেটিকে নিরাপদে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করা সবার দায়িত্ব। উদ্ধার হওয়া ঈগলটিকে বন বিভাগের কাছে হস্তান্তরের মাধ্যমে এর নিরাপদ আশ্রয় ও পরবর্তী পরিচর্যা নিশ্চিত করা হয়েছে।’
ভেটেরিনারি সার্জন ডা. বৃষ্টি পণ্ডিত বলেন, ‘ঈগলটি উদ্ধারের সময় অসুস্থ অবস্থায় ছিল। উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরিচর্যা করা হয়েছে। বর্তমানে পাখিটির অবস্থা আগের তুলনায় ভালো। বন বিভাগের মাধ্যমে এর পরবর্তী প্রয়োজনীয় পরিচর্যা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে বলে আশা করছি।’
স্থানীয়রা জানান, অসুস্থ অবস্থায় বন্যপ্রাণী উদ্ধার করে চিকিৎসা দেওয়ার উদ্যোগটি প্রশংসনীয়। সংশ্লিষ্টরা বন্যপ্রাণী রক্ষায় প্রশাসন, প্রাণিসম্পদ বিভাগ ও বন বিভাগের পাশাপাশি সাধারণ মানুষকেও আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array