মশার প্রজননস্থল ধ্বংসে যৌথ উদ্যোগে মাঠে নামল জেলা প্রশাসন, জেলা পরিষদ ও পৌরসভা
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে কিশোরগঞ্জে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযানের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন, জেলা পরিষদ ও কিশোরগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত এবং মশার প্রজননস্থল ধ্বংসে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হবে।
শনিবার (৩০ মে) সকাল ১১টায় জেলা শহরের ঐতিহাসিক রথখলা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ, কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলামসহ জেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের কোনো বিকল্প নেই।
তারা আরও বলেন, শুধুমাত্র সরকারি উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়; এ ক্ষেত্রে সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণও জরুরি। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, নির্মাণাধীন ভবন ও জমে থাকা পানির স্থানগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে, যাতে এডিস মশার বংশবিস্তার রোধ করা যায়।
আয়োজকরা জানান, অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় আবর্জনা অপসারণ, নালা-নর্দমা পরিষ্কার, ঝোপঝাড় পরিষ্কার, মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস এবং জনসচেতনতামূলক প্রচারণা পরিচালনা করা হবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ জনগণকে এ কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বক্তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও ডেঙ্গুমুক্ত কিশোরগঞ্জ গড়ে তোলা সম্ভব হবে। জনসচেতনতা এবং ধারাবাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে মশাবাহিত রোগের বিস্তার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা যাবে বলেও তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।










