শোলাকিয়ায় ঈদ জামাত ঘিরে নিরাপত্তা জোরদার: মোতায়েন ২ প্লাটুন বিজিবি
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে আসন্ন পবিত্র ঈদুল আজহার জামাতকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বুধবার (২৭ মে) থেকে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে মোতায়েন করা হয়েছে ২ প্লাটুন বিজিবি। এছাড়াও পুলিশ, র্যাব, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা দায়িত্ব পালন করবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী। তিনি জানান, জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা শোলাকিয়া ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় তৈরি করে দায়িত্ব পালন করবে।
তিনি আরও জানান, সহকারী পরিচালক(এডি) মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে বিজিবির দুই প্লাটুন সদস্য ইতোমধ্যে শোলাকিয়া ঈদগাহ এলাকায় দায়িত্ব পালন শুরু করেছে।
এ বছর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৯৯তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জামাতে অংশ নিতে দেশ-বিদেশ থেকে লাখো মুসল্লির সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার ঈদের জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুসল্লিদের নির্বিঘ্ন ও নিরাপদে ঈদ জামাতে অংশগ্রহণ নিশ্চিত করতে পুরো এলাকায় বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। গুরুত্বপূর্ণ প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে মুসল্লিদের নির্ধারিত সময়ের আগেই মাঠে উপস্থিত হওয়ার এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।










