সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
[gtranslate]
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রাণিসম্পদ খাতকে আধুনিকায়নে কুলিয়ারচরে খামারিদের নিয়ে মতবিনিময়

কুলিয়ারচর প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
প্রাণিসম্পদ খাতকে আধুনিকায়নে কুলিয়ারচরে খামারিদের নিয়ে মতবিনিময়

সংগ্রহীত ছবি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে খামারিদের অংশগ্রহণে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামার নিবন্ধন এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা অংশ নেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন খন্দকার।

সভায় বক্তারা বলেন, পশুরোগ আইন-২০০৫ অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির খামার নিবন্ধনের নীতিমালা সম্পর্কে খামারিদের সচেতন হওয়া জরুরি। একই সঙ্গে খামার ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও পরিবেশবান্ধব করতে বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় খামারের বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদনের সম্ভাবনা এবং পরিবেশে দুর্গন্ধ ছড়ানো রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এছাড়া জনবসতি থেকে কিছুটা দূরে খামার স্থাপনের বিষয়ে খামারিদের পরামর্শ দেওয়া হয়, যাতে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব কমানো সম্ভব হয়।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আক্তার, কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আরিফ উদ্দিন, উপজেলা পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক মো. আরশ খন্দকারসহ স্থানীয় খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই খামার ব্যবস্থাপনায় নিয়ম-শৃঙ্খলা, স্বাস্থ্যবিধি ও পরিবেশ সুরক্ষার বিষয়গুলো নিশ্চিত করা প্রয়োজন। খামারিদের সচেতনতা বৃদ্ধি এবং সরকারি নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব বলেও তারা মত দেন।

সভায় উপস্থিত খামারিরা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেন।

হোসেনপুরে জামায়াতে ইসলামীর বিশেষ দাওয়াতী গণসংযোগ

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
হোসেনপুরে জামায়াতে ইসলামীর বিশেষ দাওয়াতী গণসংযোগ

কিশোরগঞ্জের হোসেনপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে ৩০ দিনব্যাপী ‘দাওয়াতী দশক’ কর্মসূচির অংশ হিসেবে বিশেষ গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল হকের আহ্বানে আয়োজিত এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষের কাছে ইসলামের আদর্শের দাওয়াত পৌঁছে দেওয়া হয়।

উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জৈনউদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর এডিএম মুহিবুল্লাহ, হোসেনপুর পৌরসভা সভাপতি রহমত আলী মাস্টার, যুব বিভাগের সভাপতি মো. আরফান হোসেন বাবরসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নাজমুল ইসলাম এবং বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক জৈনউদ্দিন বলেন, একটি সৎ, চরিত্রবান ও মানবিক সমাজ গঠনে দাওয়াতী কাজের বিকল্প নেই। সব ধরনের ভেদাভেদ ভুলে মানুষকে সত্য ও সুন্দর পথে আসার আহ্বান জানানোর লক্ষ্যেই এ দাওয়াতী দশকের আয়োজন করা হয়েছে।

সমাবেশ শেষে হোসেনপুর উপজেলার কুড়িঘাট মোড় থেকে হাসপাতাল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ সময় পথচারী ও স্থানীয়দের মধ্যে ইসলামী জীবনদর্শনের পরিচিতিমূলক লিফলেট ও বই বিতরণ করা হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ দাওয়াতী দশকের মাধ্যমে হোসেনপুর উপজেলার সাধারণ মানুষের সঙ্গে সংগঠনের পারস্পরিক সৌহার্দ্য ও গণসম্পর্ক আরও সুদৃঢ় হবে।

কুলিয়ারচরে পুলিশের হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা পলাতক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
কুলিয়ারচরে পুলিশের হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা পলাতক

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাতে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে গেছেন রেনু মিয়া নামের এক আওয়ামী লীগ নেতা। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় এ ঘটনা ঘটে।

রেনু মিয়া ওই এলাকার ইল্লাত মিয়ার ছেলে। তিনি ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় করা একটি মামলার আসামি রেনু মিয়া। মামলা হওয়ার পর থেকেই তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

পুলিশ জানায়, সোমবার দুপুরে অভিযান চালিয়ে রেনু মিয়াকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। তবে এ সময় কোনো ধরনের হট্টগোল হয়নি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মানুষের ভিড়ের সুযোগ নিয়ে হাতকড়া পরা অবস্থায় রেনু মিয়া কৌশলে সেখান থেকে পালিয়ে যান।

১২ নভেম্বর প্রথম ধাপে ৮০ উপজেলায় ইউপি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
১২ নভেম্বর প্রথম ধাপে ৮০ উপজেলায় ইউপি নির্বাচন

আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি সানাউল্লাহ বলেন, সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউপি নির্বাচন হবে আগামী ১২ নভেম্বর।

তিনি বলেন, চট্টগ্রাম ও কুমিল্লা জেলায় তিনটি করে উপজেলায় প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ, এ দুই জেলায় উপজেলার সংখ্যা বেশি। এ ছাড়া যেসব জেলায় ১০টি বা তার বেশি উপজেলা রয়েছে, সেসব জেলার দুটি করে উপজেলায় প্রথম ধাপে ভোট হবে। এসব মিলিয়ে প্রথম ধাপে মোট ৮০টি উপজেলা নির্ধারণ করা হয়েছে।

ইসি সানাউল্লাহ বলেন, আদালতের রায়ের কারণে দুটি উপজেলায় নির্বাচন করতে হবে। আর বাকি উপজেলাগুলো বেশি সংখ্যক উপজেলা থাকা জেলাগুলোতে আনুপাতিক হারে সমন্বয় করে প্রথম ধাপে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ষষ্ঠ ও সপ্তম ধাপকে অপেক্ষাকৃত হালকা রাখা হবে।

নির্বাচন কমিশনার জানান, দ্বিতীয় ধাপে ভোট অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপে ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপে ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপে ২২ এপ্রিল এবং সপ্তম ধাপের ভোটের সম্ভাব্য তারিখ ২৭ মে।