পৈতৃক জমি নিয়ে বিরোধ, থানায় অভিযোগের পর বাড়িতে হামলা
কিশোরগঞ্জের হোসেনপুরে পৈতৃক জমি দখল ও সেখানে ঘরবাড়ি নির্মাণের প্রতিবাদে থানায় লিখিত অভিযোগ দায়ের করায় ভুক্তভোগীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১ নম্বর জিনারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. নয়ন মিয়ার (মৃত ইমাম আলীর ছেলে) হুকুমে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জিনারী এলাকার বাসিন্দা মো. জাহিদুল ইসলাম সরকার (২৫) বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪-৫ জনকে আসামি করে হোসেনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আসামি করা ব্যক্তিরা হলেন একই এলাকার মো. স্বপন মিয়া (৫০), মো. আসাদ খলিফা (৬০) ও মো. আব্দুল্লাহ (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা ভুক্তভোগী জাহিদুল ইসলামের সম্পর্কে চাচা ও চাচাতো ভাই। তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক জমি নিয়ে বিরোধ চলে আসছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তরা লোভের বশবর্তী হয়ে তাঁদের ক্রয়সূত্রে ও পৈতৃক সূত্রে পাওয়া ১০ শতাংশ জমি অন্যায়ভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। জমিটির বি.আর.এস. খতিয়ান নম্বর ৫৪৪ এবং দাগ নম্বর ৮৩৪। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে একাধিকবার শালিস-দরবার হলেও অভিযুক্তরা তা অমান্য করেছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ৫ সেপ্টেম্বর সকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই জমিতে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণ শুরু করেন বলে অভিযোগ করা হয়। এতে বাধা দিলে তাঁরা ভুক্তভোগী পরিবারের সদস্যদের গালিগালাজ, হামলা ও ধাওয়া করেন। এ সময় ঘরের দরজা বন্ধ করে পরিবারের সদস্যরা কোনোমতে আত্মরক্ষা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, থানায় আইনি আশ্রয় নেওয়া এবং জমিতে পুনর্দখলে বাধা দেওয়ায় স্থানীয় প্রভাবশালী চক্রের ইন্ধনে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে শুক্রবার সকালে পুনরায় তাঁদের বাড়িতে হামলা চালান। এ সময় পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান ভুক্তভোগী জাহিদুল ইসলাম।
জাহিদুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানোর কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা দেরি হয়েছে। নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array