জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে কিশোরগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জ সদর উপজেলার শোলাকিয়া কানিকাটা এলাকায় পৈতৃক জমি জোরপূর্বক দখল, হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আলী আকবর।
শনিবার দুপুরে কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলী আকবর অভিযোগ করেন, এনসিপি নেতা মাহফুজ ও তাঁর বাবা আব্দুল রশিদ গংরা বেআইনিভাবে তাঁদের ওপর হামলা চালিয়েছেন। এমনকি তাঁর মায়ের মৃত্যুর দিনই শোলাকিয়া কানিকাটা এলাকার ১২ শতাংশ পৈতৃক জমি তাঁরা জোরপূর্বক দখল করে নেন বলে অভিযোগ করেন তিনি।
আলী আকবর আরও জানান, জমি দখলে নিতে আব্দুল রশিদ তাঁদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেছিলেন। তবে ওই মামলায় বিজ্ঞ আদালত তাঁর পক্ষে রায় দেন। আদালতে হেরে যাওয়ার পরও আব্দুল রশিদ গংরা জমি ছেড়ে দেননি। বরং মামলা তুলে নিতে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী আলী আকবর বলেন, “আদালতে জয়ী হয়েও পৈতৃক জমি উদ্ধার করতে না পেরে আমি পুনরায় আদালতের দ্বারস্থ হয়েছি। নতুন করে মামলা করার পর তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমার ওপর হামলা চালায়। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতা ও জীবনের ঝুঁকিতে দিন কাটাচ্ছি।”
সংবাদ সম্মেলনে আলী আকবর পৈতৃক জমি ফেরত পাওয়ার পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array