পাকুন্দিয়ায় শিক্ষার মান বাড়াতে সমন্বিত উদ্যোগের আহ্বান
‘লেখাপড়ার মানসম্মত শিক্ষা বাস্তবায়ন—আমাদের অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের সঙ্গে শিক্ষা বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় পাকুন্দিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার শিক্ষাব্যবস্থার সার্বিক পরিস্থিতি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ, পাঠদানের মানোন্নয়ন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করা এবং মানসম্মত শিক্ষা বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, একটি শিক্ষিত, দক্ষ ও যোগ্য প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার মানোন্নয়নের কোনো বিকল্প নেই। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, শ্রেণিকক্ষে কার্যকর ও গুণগত পাঠদান নিশ্চিত করাও জরুরি। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবেদ হাসান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিও) তাছলিমা আক্তার লিপি, মোস্তাফিজুর রহমান, আমিনুল হক ও নাসির উদ্দিনসহ শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস ছাওয়ার, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এম মিনহাজ উদ্দিন, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল কদ্দুস, সাবেক প্রধান শিক্ষক ও পাকুন্দিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি আজহারুল হক পলাশসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array