সাবেক উপমন্ত্রী জাহিদুল হকের স্মরণে পাকুন্দিয়ায় দোয়া ও আলোচনা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তৎকালীন কিশোরগঞ্জ-১ (পাকুন্দিয়া-হোসেনপুর) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক আইন, বিচার ও নৌপরিবহন উপমন্ত্রী অ্যাডভোকেট এবিএম জাহিদুল হকের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাঁর প্রতিষ্ঠিত পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে কলেজের অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কলেজের শিক্ষক, কর্মচারী ও শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
আলোচনা সভায় বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, উপাধ্যক্ষ মো. আহসানুল হক, সহকারী অধ্যাপক আইরিন পারভীন, শামীমা বেগম, আজহারুল ইসলাম, এনামুল হক, আতাউর রহমান ভূঁইয়া, গীতা রানী সাহা, ফরিদুজ্জামান, তৌফিকুল ইসলাম এবং প্রভাষক মো. মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে মরহুম এবিএম জাহিদুল হকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. তৌফিকুল ইসলাম।
উল্লেখ্য, বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ অ্যাডভোকেট এবিএম জাহিদুল হক পাকুন্দিয়া উপজেলার নারান্দী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন নিয়ে ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন কিশোরগঞ্জ-১ (পাকুন্দিয়া-হোসেনপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের আইন, বিচার ও নৌপরিবহন উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্ব পালনকালে পাকুন্দিয়া ও হোসেনপুর অঞ্চলের রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্রিজ-কালভার্ট নির্মাণসহ ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন করেন বলে উল্লেখ করা হয়েছে।
২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array