কিশোরগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও কিশোরগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও উপসচিব জেবুন নাহার শাম্মী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।
জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালাতে হবে। সাধারণ মানুষ যাতে গ্রাম আদালতে সঠিক বিচার পায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে বিচার কার্যক্রম অতি দ্রুত সম্পন্ন হয়। এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ব্যাপক ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, গ্রাম আদালতে সাধারণ মানুষ বিচার না পাওয়ায় আদালতের দ্বারস্থ হয়। এতে করে মামলা দিনে দিনে প্রচুর পরিমাণে বাড়ছে, যা বিচার কার্যক্রমকে ব্যাহত করছে। এ অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালানো এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিরপেক্ষ ভূমিকা পালন করা।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের ইপসা, কিশোরগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার হাফিজা আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস শাকিব খান, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ স্বাগত সাম্য, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম শামীম, কিশোরগঞ্জ খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) মো. ইমরুল কায়েস এবং গ্রাম আদালতের সদর ও হোসেনপুরের সমন্বয়কারী মো. কবির উদ্দিন।
এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং উপজেলার সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।
Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array