হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের জন্য আগামী তিন মাস সরকারি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৯ এপ্রিল) সকালে জাতীয় সংসদ অধিবেশনে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ-এর এক প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক দিনের আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে তিনি আগেই সুনামগঞ্জসহ হাওর অঞ্চলের তিনটি জেলার স্থানীয় প্রশাসনকে সতর্ক করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছিলেন। বৃষ্টিপাতের সম্ভাবনা মাথায় রেখে আগাম ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছিল।
হাওর অঞ্চলের কৃষকদের দুর্দশাকে অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে তিনি বলেন, সংসদ অধিবেশন শুরুর আগেই তিনি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি নিয়ে নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে সুনামগঞ্জসহ হাওরাঞ্চল এবং ময়মনসিংহের কিছু এলাকায় প্রবল বর্ষণের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা দ্রুত নিরূপণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে তাদের জন্য আগামী তিন মাস প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সরকারের এ উদ্যোগ ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে এবং তারা পুনরায় কৃষিকাজে ফিরে আসতে সক্ষম হবেন।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array