আগামীকাল ২৮ মে, বৃহস্পতিবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিতব্য ১৯৯তম ঈদ জামাতের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান (ভিপি সোহেল)।
আজ ২৭ মে ২০২৬, বুধবার বৃষ্টি বিঘ্নিত আবহাওয়ার মধ্যেও তিনি শোলাকিয়া ঈদগাহ মাঠে উপস্থিত হয়ে প্রস্তুতি কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় দায়িত্বে নিয়োজিত কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি মুসল্লিদের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ ও নির্বিঘ্নে ঈদ জামাত আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফরিদ উদ্দীন মাসুদ সোহেল, যুবদল নেতা সোয়েব সাদেকীন বাপ্পী, শ্রমিকদল নেতা রফিকুল ইসলাম রাহাতসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাতকে কেন্দ্র করে শোলাকিয়া ঈদগাহ মাঠে নিরাপত্তা, পরিচ্ছন্নতা, মুসল্লিদের যাতায়াত ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
