রাজধানীতে মর্মান্তিক ঘটনা: পোস্ট অপারেটিভ রুমে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২৭ মে) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের পোস্ট অপারেটিভ কক্ষে মোট ১১ জন মা ও ৬ নবজাতক অবস্থান করছিলেন। রাত আনুমানিক ২টা থেকে ৩টার দিকে কক্ষে থাকা এক মা অতিরিক্ত ঠান্ডা অনুভব করায় এয়ার কন্ডিশনার (এসি) বন্ধ করার অনুরোধ জানান। পরে প্রায় এক ঘণ্টার জন্য এসি বন্ধ রাখা হয়।
এ সময় কক্ষে থাকা অন্যান্য নবজাতকের শ্বাসকষ্ট শুরু হয় বলে অভিযোগ ওঠে। ভোর ৬টার পর একে একে নবজাতকদের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে চিকিৎসাধীন অবস্থায় ৬ নবজাতকের মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছে, কক্ষটিতে পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা না থাকায় এসি বন্ধ থাকার সময় শ্বাসকষ্ট বা সাফোকেশনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।
ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার মো. মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে পুলিশের ক্রাইম সিন ইউনিটসহ তদন্ত সংশ্লিষ্ট টিম কাজ করছে। কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, মারা যাওয়া নবজাতকদের বয়স ছিল এক থেকে দুই দিন। তারা সবাই হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি ছিল।
ঘটনার পর হাসপাতাল এলাকায় স্বজনদের মধ্যে শোক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় চিকিৎসা ব্যবস্থাপনা ও হাসপাতালের নিরাপত্তা মান নিয়েও প্রশ্ন উঠেছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।













Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array