কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, অনিয়মে কঠোর হুঁশিয়ারি
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন আকস্মিকভাবে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন, ভর্তি রোগীদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে তিনি জরুরি বিভাগ, বহির্বিভাগ, পুরুষ ও মহিলা ওয়ার্ডসহ হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং হাসপাতালের পরিবেশ সম্পর্কে মতামত নেন। রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মানও তিনি পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সাংবাদিক ও উপস্থিত স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য। এ সময় তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং হাসপাতালের সেবার মানোন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন।
সংসদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, “কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০১ শয্যাবিশিষ্ট নতুন ভবন দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। হাসপাতালের শূন্য পদগুলোও অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে।”
তিনি বলেন, “জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার স্বাস্থ্য খাতে ব্যাপক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। রোগীদের উন্নতমানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, সরকার তার সব ধরনের ব্যবস্থা করবে।”
তিনি আরও বলেন, “চলতি জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে। কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে মৃত্যুবরণ না করেন, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।”
হাসপাতালের সার্বিক পরিবেশ প্রসঙ্গে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে হাসপাতাল পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন। একই সঙ্গে রোগীদের সঙ্গে কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ, দায়িত্বে অবহেলা কিংবা অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন।
পরিদর্শনের সময় তিনি রোগীদের কাছে হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীদের আচরণ সম্পর্কে জানতে চান। সরকারি হাসপাতালে আগত প্রত্যেক নাগরিক যেন সম্মানজনক, নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা পান, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ শাহরিয়ার অনিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম জাইদুল, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, হাজী মোহাম্মদ আলীসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array