হোসেনপুরে কলেরা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
কিশোরগঞ্জের হোসেনপুরে কলেরা রোগ প্রতিরোধে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’ শুরু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকুর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার মাকসুদা, হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাদিকুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনজুমান ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা।
উপজেলার ৫৫টি কেন্দ্রে একযোগে এ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রথম ডোজের টিকাদান ২৩ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় ডোজ ২৬ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেওয়া হবে।
ক্যাম্পেইনের আওতায় হোসেনপুর উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ২ লাখ ৭ হাজার নারী-পুরুষকে কলেরার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম বলেন, “আগে কলেরা রোগে গ্রাম উজাড় হয়ে যেত। বর্তমানে রোগটি অনেকটাই নিয়ন্ত্রণে এলেও সাম্প্রতিক প্রাদুর্ভাবের কারণে আমাদের সতর্ক থাকতে হবে।”
তিনি জাতীয় অন্যান্য টিকাদান কর্মসূচির মতো কলেরা প্রতিরোধে এ ক্যাম্পেইনও সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array