রেণু উৎপাদন কার্যক্রম দেখতে কটিয়াদীর কার্প হ্যাচারি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধনের আগে কিশোরগঞ্জের কটিয়াদীতে সরকারি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট) দুপুরে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চাড়িপাড়ায় অবস্থিত সরকারি কার্প হ্যাচারি কমপ্লেক্সে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকসহ হ্যাচারি কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী হ্যাচারি কমপ্লেক্সের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। বিশেষ করে কার্পজাতীয় মাছের রেণু উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় হ্যাচারিতে মাছের রেণু উৎপাদন, পরিচর্যা ও সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।
কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল)সহ স্থানীয় বিএনপির নেতারা।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কটিয়াদীর চাড়িপাড়া এলাকায় সকাল থেকেই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। তাঁকে স্বাগত জানাতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ সড়কের আশপাশে অবস্থান নেন।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, দেশের মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছের সংরক্ষণ ও সম্প্রসারণ এবং মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে কটিয়াদীতে সরকারি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন ও মাছ অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়।
হ্যাচারি পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array