পাকুন্দিয়া-গফরগাঁওয়ে ব্রহ্মপুত্রে দুটি সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর দুটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পাকুন্দিয়ার মুনিয়ারীকান্দা থেকে গফরগাঁওয়ের দত্তের বাজার এবং মির্জাপুর বাজার থেকে পাগলা থানার টাংগাব পর্যন্ত প্রস্তাবিত সেতু দুটির সম্ভাব্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ১৭ আগস্ট স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।
গত রোববার (১৬ আগস্ট) সকালে কিশোরগঞ্জ সফরকালে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী ব্রহ্মপুত্র নদের ওপর সেতু দুটি নির্মাণের প্রতিশ্রুতি দেন। এর পরদিনই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন তাঁর বক্তব্যে ব্রহ্মপুত্র নদের ওপর দুটি সেতু নির্মাণের দাবি তুলে ধরেন। একই সঙ্গে তিনি পাকুন্দিয়া ও আশপাশের এলাকায় ১ হাজার কিলোমিটার পাকা সড়ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক দাবির বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
পরে প্রধানমন্ত্রীর বক্তব্যে সেতু নির্মাণের প্রতিশ্রুতি আসে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠির মাধ্যমে এখন প্রস্তাবিত সেতু দুটির সম্ভাব্যতা যাচাইয়ের প্রক্রিয়া শুরু হলো।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ এবং ‘মাননীয় সংসদ সদস্যগণের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল’-এর সদস্য সচিব মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত চিঠিতে স্থানীয় সরকার সচিবকে প্রস্তাবিত সেতু দুটির সম্ভাব্যতা যাচাই দ্রুত সম্পন্ন করে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, একান্ত সচিব এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
প্রস্তাবিত সেতু দুটির একটি পাকুন্দিয়া উপজেলার মুনিয়ারীকান্দা এলাকার সঙ্গে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দত্তের বাজারকে যুক্ত করবে। অপরটি পাকুন্দিয়ার মির্জাপুর বাজারকে গফরগাঁওয়ের পাগলা থানার টাংগাব এলাকার সঙ্গে সংযুক্ত করবে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, সেতু দুটি নির্মিত হলে পাকুন্দিয়া ও গফরগাঁওয়ের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার খুলবে। বর্তমানে ব্রহ্মপুত্র নদ দুই অঞ্চলের মানুষের সরাসরি যোগাযোগের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হিসেবে রয়েছে।
সেতু দুটি নির্মিত হলে দুই অঞ্চলের মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য, মাছ ও অন্যান্য স্থানীয় উৎপাদিত পণ্য দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনের সুযোগ তৈরি হবে। এতে স্থানীয় হাট-বাজার ও ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের পাশাপাশি কৃষক ও উদ্যোক্তারা উপকৃত হবেন বলে আশা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের প্রত্যাশা, সেতু নির্মাণের মাধ্যমে পাকুন্দিয়া ও গফরগাঁওয়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী হলে শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও দুই অঞ্চলের মানুষের পারস্পরিক যোগাযোগ বাড়বে। একই সঙ্গে এ অঞ্চলের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নেও প্রস্তাবিত সেতু দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশের পর এখন সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে সেতু দুটির কারিগরি ও অর্থনৈতিক বাস্তবতা নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে যাবে। স্থানীয় বাসিন্দারা দ্রুত এ কার্যক্রম শেষ করে সেতু নির্মাণের পরবর্তী ধাপ শুরু করার প্রত্যাশা করছেন।







Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array