রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
[gtranslate]
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর: প্রাপ্তি-প্রত্যাশার হিসাব নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৮:১১ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর: প্রাপ্তি-প্রত্যাশার হিসাব নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর শেষ হওয়ার পর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সফরের প্রাপ্তি ও প্রত্যাশা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে কটিয়াদী-পাকুন্দিয়ায় দুটি সেতু নির্মাণের উদ্যোগ এবং ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের উন্নয়ন ও বৃক্ষরোপণের ঘোষণা যেমন প্রশংসা পেয়েছে, তেমনি কিশোরগঞ্জ সদরসহ জেলার দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়ন দাবির বিষয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

প্রধানমন্ত্রীর ১৬ আগস্টের কিশোরগঞ্জ সফরকে ঘিরে আগে থেকেই জেলার মানুষের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল। সফরকালে পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর দুটি সেতু নির্মাণের দাবি ওঠে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরদিনই সেতু দুটির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দিয়ে চিঠি দেওয়ার খবর প্রকাশের পর বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এটিকে প্রধানমন্ত্রীর সফরের তাৎক্ষণিক ও দৃশ্যমান প্রাপ্তি হিসেবে দেখছেন। আবার কেউ কেউ মনে করছেন, কিশোরগঞ্জ সদর ও জেলার অন্যান্য এলাকার দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যাগুলোও সফরের সময় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা প্রয়োজন ছিল।

সিনিয়র সাংবাদিক মারুফ আহমেদ তাঁর ফেসবুক পোস্টে পাকুন্দিয়ার দুটি সেতুর উদ্যোগকে ইতিবাচক হিসেবে তুলে ধরেছেন। তিনি লিখেছেন, প্রধানমন্ত্রীর সফরের ১২ ঘণ্টার মধ্যেই পাকুন্দিয়ার মানুষের জন্য ‘বিরাট সুখবর’ এসেছে।

তাঁর বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত সমাবেশে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন দুটি সেতু নির্মাণের দাবি জানান। ওই দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্থানীয় সরকার বিভাগের সচিবকে সরকারি স্মারকে চিঠি দেওয়া হয়েছে।

প্রস্তাবিত সেতু দুটি পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর মুনিয়ারীকান্দা থেকে দত্তের বাজার এবং মির্জাপুর থেকে টাংগাবর পর্যন্ত নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে একই পোস্টে মারুফ আহমেদ কিশোরগঞ্জ-১ আসনের মানুষের পক্ষ থেকেও প্রশ্ন তোলেন। তাঁর মতে, প্রধানমন্ত্রীকে ঘিরে কিশোরগঞ্জ সদরবাসীরও উন্নয়নসংক্রান্ত একাধিক দাবি জানানোর সুযোগ ছিল। উন্নত সড়ক ও রেল যোগাযোগ, ইপিজেড স্থাপন, নরসুন্দা নদীর নাব্যতা ফিরিয়ে আনা, বাইপাস নির্মাণ, বন্ধ টেক্সটাইল মিল পুনরায় চালু, বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস এবং চিকিৎসাব্যবস্থার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয় তিনি উল্লেখ করেন।

তাঁর প্রশ্ন—দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা গেলে হয়তো সেগুলোর কিছু বিষয়ে উদ্যোগও নেওয়া সম্ভব হতো। তাঁর ভাষায়, ‘দুর্ভাগ্য, আমরা চাইতেই পারলাম না।’

অন্যদিকে ইসলামী লেখক আশিক আশরাফ তাঁর ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আরও বিস্তৃত প্রশ্ন তুলেছেন।

তিনি শোলাকিয়া ঈদগাহ মাঠের সংস্কার এবং সেখানে নিমগাছ লাগানোর ঘোষণাকে স্বাগত জানালেও জানতে চেয়েছেন, কিশোরগঞ্জবাসীর জন্য এর বাইরে কী উন্নয়ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তাঁর পোস্টে কিশোরগঞ্জ শহরের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা উঠে এসেছে। বিশেষ করে নরসুন্দা নদীর দুরবস্থা, মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান, সড়ক যোগাযোগ এবং ট্রেন ব্যবস্থার উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

আশিক আশরাফের বক্তব্যের মূল প্রশ্ন হলো—দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত বলে মনে করা কিশোরগঞ্জ শহরের মানুষের প্রত্যাশা যেখানে ছিল অনেক, সেখানে প্রধানমন্ত্রীর সফরের দৃশ্যমান প্রাপ্তি যদি শোলাকিয়া মাঠের উন্নয়ন ও বৃক্ষরোপণের ঘোষণাতেই সীমাবদ্ধ থাকে, তাহলে বৃহত্তর উন্নয়ন প্রত্যাশাগুলোর কী হবে?

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় মূলত দুটি প্রবণতা দেখা যাচ্ছে। একদিকে পাকুন্দিয়া-গফরগাঁও যোগাযোগে দুটি সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের সরকারি উদ্যোগকে দ্রুত বাস্তবায়নের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে কিশোরগঞ্জ সদর ও জেলার দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যাগুলো সমাধানে আরও সুস্পষ্ট ঘোষণা না আসায় কেউ কেউ হতাশা প্রকাশ করছেন।

শোলাকিয়া ঈদগাহ মাঠের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প নেওয়া এবং এর মধ্যে ৬ কোটি টাকা জেলা প্রশাসনের কাছে পৌঁছানোর ঘোষণাও সফরের অন্যতম উল্লেখযোগ্য বিষয় হিসেবে সামনে এসেছে। মাঠের সৌন্দর্যবর্ধন, মুসল্লিদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, খেলাধুলার জন্য স্থান এবং নিমগাছ লাগানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় উঠে আসা মতামতগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, মানুষের প্রত্যাশা শুধু একটি বা দুটি প্রকল্পে সীমাবদ্ধ নয়। সড়ক ও রেল যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, শিল্পায়ন, নদ-নদী, কর্মসংস্থান ও নগর অবকাঠামো—এসব বিষয়ও স্থানীয় মানুষের দীর্ঘদিনের আলোচনার অংশ।

প্রধানমন্ত্রীর সফরের পর সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় আরেকটি বিষয় গুরুত্ব পেয়েছে—প্রধানমন্ত্রীর সামনে স্থানীয় দাবিগুলো কতটা সমন্বিতভাবে উপস্থাপন করা হয়েছে।

কটিয়াদী-পাকুন্দিয়া অংশে স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে নির্দিষ্ট উন্নয়ন দাবি উত্থাপিত হওয়ার পর দ্রুত সরকারি উদ্যোগের বিষয়টি সামনে এসেছে। এর বিপরীতে কিশোরগঞ্জ সদর ও জেলার অন্যান্য এলাকার দাবিগুলোও একইভাবে অগ্রাধিকার দিয়ে উপস্থাপন করা হয়েছিল কি না, সেটি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মতামত সবসময় কোনো এলাকার সামগ্রিক জনমতের প্রতিনিধিত্ব করে না। একইভাবে প্রধানমন্ত্রীর সফরে ঘোষিত কোনো উদ্যোগের পূর্ণ বাস্তবায়নও প্রশাসনিক প্রক্রিয়া, সম্ভাব্যতা যাচাই ও অর্থায়নের ওপর নির্ভর করে। ফলে সফরের তাৎক্ষণিক ঘোষণাকে চূড়ান্ত প্রকল্প হিসেবে দেখার সুযোগও নেই।

সব মিলিয়ে প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরকে ঘিরে একদিকে যেমন কিছু দৃশ্যমান উদ্যোগের কথা এসেছে, অন্যদিকে দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশাগুলোও নতুন করে আলোচনায় এসেছে। পাকুন্দিয়া-গফরগাঁওয়ের দুটি সেতুর সম্ভাব্যতা যাচাই, শোলাকিয়া ঈদগাহ মাঠের উন্নয়ন এবং বৃক্ষরোপণের ঘোষণা বাস্তবায়নের দিকে কত দ্রুত এগোয়, সেটি এখন দেখার বিষয়।

একই সঙ্গে স্থানীয়দের প্রত্যাশা—সড়ক ও রেল যোগাযোগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, শিল্পায়ন, নদী পুনরুদ্ধার, নগর অবকাঠামো ও কর্মসংস্থানসহ বৃহত্তর কিশোরগঞ্জের দীর্ঘদিনের দাবিগুলোও সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্ব পাবে।

প্রধানমন্ত্রীর সফর শেষ হয়েছে; এখন সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার কেন্দ্রে তাই একটি প্রশ্নই—সফরে ঘোষিত উদ্যোগগুলো কতটা দ্রুত বাস্তবায়িত হয় এবং কিশোরগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশাগুলোর কতটা পূরণ হয়?

পুলিশ লাইন্স হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
পুলিশ লাইন্স হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং জুনিয়র বৃত্তি-২০২৬ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে কিশোরগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান ও অভিনয়সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। তাদের মনোজ্ঞ পরিবেশনায় অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, মাসুদা ইসলাম, শিক্ষা কর্মকর্তা আরিফুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী, কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাজহারুল ইসলাম কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, ভালো ফলাফল অর্জনকারীদের পাশাপাশি যারা প্রত্যাশিত ফলাফল করতে পারেনি, তাদেরও হতাশ না হয়ে আরও বেশি পরিশ্রম করতে হবে। নিয়মিত অধ্যবসায় ও চেষ্টা থাকলে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করা সম্ভব।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধু ভালো ফলাফল অর্জনই নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের নিজেদের গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করাই শিক্ষার্থীদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের একজন যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার চর্চার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।

কিশোরগঞ্জে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন, মিলবে সহজে হয়রানিমুক্ত ভূমিসেবা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন, মিলবে সহজে হয়রানিমুক্ত ভূমিসেবা

ভূমিসেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে কিশোরগঞ্জে জেলা ভূমিসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত এ কেন্দ্র থেকে জনসাধারণ বিনামূল্যে প্রয়োজনীয় বিভিন্ন ভূমিসেবা নিতে পারবেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে জেলা ভূমিসেবা কেন্দ্রের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন, স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) নিলুফা আক্তার রূপা এবং জেলার ১৩টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

উদ্বোধন শেষে সংসদ সদস্য মাজহারুল ইসলামকে জেলা ভূমিসেবা কেন্দ্রের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। তিনি কেন্দ্রটির মাধ্যমে নাগরিকদের কী ধরনের ভূমিসেবা দেওয়া হবে এবং কীভাবে এসব সেবা পাওয়া যাবে, সে বিষয়ে সংসদ সদস্যকে অবহিত করেন।

জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, জেলার নাগরিকদের ভূমিসেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে এ ভূমিসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এটি ভূমি মন্ত্রণালয়ের একটি উদ্ভাবনী উদ্যোগ। কেন্দ্রটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে জেলা প্রশাসন।

তিনি জানান, নাগরিকরা সরাসরি জেলা ভূমিসেবা কেন্দ্রে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ভূমিসেবা নিতে পারবেন। এর মাধ্যমে প্রতিদিন ভূমি উন্নয়ন কর দেওয়া, নামজারি ও জমাখারিজ, খতিয়ানের সার্টিফাইড কপি এবং মৌজা ম্যাপ বা নকশা প্রাপ্তির আবেদনসহ বিভিন্ন ধরনের ভূমিসেবা পাওয়া যাবে।

জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত এ কেন্দ্রের মাধ্যমে এক জায়গা থেকেই নাগরিকরা প্রয়োজনীয় ভূমিসেবা গ্রহণের সুযোগ পাবেন। এতে ভূমিসেবা গ্রহণে নাগরিকদের ভোগান্তি কমার পাশাপাশি সেবা প্রদানের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও জনবান্ধব হবে।

কিশোরগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
কিশোরগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও হত্যার হুমকি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার দুপুরে শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে এনসিপির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

এর আগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব আহনাফ সাঈদ খান, জেলা এনসিপির আহ্বায়ক শেখ খায়রুল কবীর, সাংগঠনিক সম্পাদক হাফেজ ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ দলের অন্যান্য নেতাকর্মী।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও হয়রানির ঘটনা ঘটছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চাপে রয়েছে।

বক্তারা অবিলম্বে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানান। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

সমাবেশ শেষে একই দাবিতে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন এনসিপির নেতাকর্মীরা।