বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন, খালাস স্ত্রীসহ তিনজন
কিশোরগঞ্জে আবু বাক্কার সিদ্দিক হত্যা মামলায় তাঁর ছেলে মো. সেলিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি সেলিম আদালতে উপস্থিত ছিলেন না।
মামলায় খালাস পাওয়া তিন আসামি হলেন নিহত আবু বাক্কার সিদ্দিকের স্ত্রী মোছা. আছিয়া খাতুন, ছেলে মো. জাবেদ ও পুত্রবধূ মোছা. ময়না খাতুন।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৪ জুলাই কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্পযশোদল ভুরিরচর গ্রামের আবু বাক্কার সিদ্দিকের সঙ্গে পরিবারের সদস্যদের বিরোধ দেখা দেয়। এর কয়েক দিন পর ৩০ জুলাই রাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে তাঁকে হত্যা করা হয়।
পরদিন সকালে ছেলে মো. সেলিম তাঁর বাবাকে হত্যার কথা স্বীকার করেন। এরপর তিনি নিজের পেটে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. আবু হানিফ বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত সেলিমের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অন্যদিকে, মামলার অপর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়।
কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array