মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত রেকসোনা খাতুন হোসেনপুরের নতুন ইউএনও
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পেয়েছেন ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা রেকসোনা খাতুন (১৮৪০৯)। তাঁর নতুন কর্মস্থলে যোগদানকে ঘিরে হোসেনপুরবাসীর মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। হোসেনপুরবাসীর পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়েছে।
রেকসোনা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ৩৩তম বিসিএসে নন-ক্যাডার হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তা পদে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে ৩৪তম বিসিএস (শিক্ষা) ক্যাডারে সরকারি কলেজের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগ দেন।
প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে প্রশাসনিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক উদ্যোগের কারণে প্রশংসিত হন।
কেশবপুরে দায়িত্ব পালনকালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার পাশাপাশি কেশবপুর পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন। বিভিন্ন সময়ে প্রশাসনিক দায়িত্বের অংশ হিসেবে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
কেশবপুরে দায়িত্ব পালনকালে রেকসোনা খাতুনের বিভিন্ন মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা অর্জন করে। অনাথ শিশুদের সঙ্গে সময় কাটানো ও নিজ হাতে খাবার পরিবেশন, প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ এবং বিনামূল্যে জলাতঙ্কের টিকা প্রদানের উদ্যোগ নেন তিনি।
তীব্র শীতের সময় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ, হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সহযোগিতা এবং অসহায় প্রতিবন্ধী নারীদের হুইলচেয়ার প্রদানের মতো বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তিনি সম্পৃক্ত ছিলেন। এসব উদ্যোগের কারণে স্থানীয়দের কাছে তিনি একজন ‘মানবিক ইউএনও’ হিসেবে পরিচিতি পান।
এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নেও তিনি ভূমিকা রাখেন।
সম্প্রতি সরকারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে রেকসোনা খাতুনকে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। নতুন কর্মস্থলে তাঁর যোগদানের পর প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত হবে—এমন প্রত্যাশা করছেন হোসেনপুরবাসী।
হোসেনপুরবাসীর পক্ষ থেকে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়েছে।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array