পাকুন্দিয়ায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধ নিহত, সড়কে বিক্ষোভ-ভাঙচুর
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে প্রাইভেটকারের চাপায় নুরুজ্জামান আকন্দ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলার বাহাদিয়া পাঁচপীর মাজারসংলগ্ন ঢাকা–কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুজ্জামান বাহাদিয়া গ্রামের আবদুল কদ্দুছের ছেলে। তিনি বাহাদিয়া বাজারে পানের দোকান করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে পাঁচপীর মাজারসংলগ্ন এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে বাড়ির কাছেই থাকা নুরুজ্জামান ঘটনাস্থলের দিকে এগিয়ে যান।
এ সময় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি প্রাইভেটকার তাঁকে চাপা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নুরুজ্জামানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উত্তেজিত লোকজন দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটি আটক করে ভাঙচুর করেন। পরে তাঁরা সড়কে আরও কয়েকটি যানবাহন ভাঙচুর করেন এবং ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে। এ ঘটনায় কিছু সময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত লোকজনকে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। প্রাইভেটকারের চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার কথা জানানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় তিন ঘণ্টা সময় নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে ফায়ার সার্ভিসের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array