রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
[gtranslate]
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

প্লাস্টিকের দাপটে পেশা বদলাচ্ছেন তাড়াইলের বাঁশ-বেত কারিগররা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ২:২০ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
প্লাস্টিকের দাপটে পেশা বদলাচ্ছেন তাড়াইলের বাঁশ-বেত কারিগররা

একসময় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার গ্রামীণ জনপদে বাঁশ-বেতের তৈরি পণ্য ছিল মানুষের নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অন্যতম। গৃহস্থালি থেকে কৃষিকাজ, এমনকি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও বাঁশ-বেতের তৈরি সামগ্রীর ব্যাপক ব্যবহার ছিল। সময়ের সঙ্গে আধুনিকতার ছোঁয়া এবং প্লাস্টিকজাত পণ্যের ব্যবহার বাড়ায় হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্যবাহী শিল্প। চাহিদা কমে যাওয়ায় পেশা বদল করছেন অনেক কারিগর। ফলে অস্তিত্বসংকটে পড়েছে তাড়াইলের বাঁশ-বেতশিল্প।

সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, একসময় যে পেশায় অসংখ্য পরিবার যুক্ত ছিল, বর্তমানে হাতে গোনা কয়েকটি পরিবার সেই কাজ ধরে রেখেছে। ঝুড়ি, চালুনি, ডালা, কুলা, বেতের চেয়ারসহ বিভিন্ন সামগ্রী তৈরি করে জীবিকা নির্বাহ করতেন যেসব কারিগর, তাঁদের অনেকেই এখন দিনমজুরি কিংবা ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন।

কারিগরদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাঁশ-বেতের পণ্য তৈরিতে সময় ও শ্রম বেশি লাগে। অন্যদিকে বাজারে প্লাস্টিক ও বিভিন্ন শিল্পজাত পণ্যের সহজলভ্যতার কারণে ঐতিহ্যবাহী এসব পণ্যের চাহিদা কমেছে। পাশাপাশি কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। ফলে পণ্য বিক্রি করে আগের মতো লাভ থাকছে না।

চরতালজাঙ্গা গ্রামের প্রবীণ কারিগর আব্দুল গফুর (৬০) বলেন, ‘আগে সপ্তাহে কয়েকটি বাঁশ কেটে নানা ধরনের জিনিস তৈরি করে বাজারে বিক্রি করতাম। এখন মানুষ প্লাস্টিকের জিনিস বেশি ব্যবহার করে। তার ওপর বাঁশের দামও বেড়েছে। সব খরচ মিটিয়ে হাতে তেমন লাভ থাকে না।’

আরেক কারিগর মজনু মিয়া বলেন, ‘আমাদের সন্তানরা এখন এই পেশায় আসতে চায় না। তারা মনে করে, এই কাজে ভবিষ্যৎ নেই। অথচ আমরা এই কাজ করেই সারা জীবন কাটিয়েছি।’

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের মতে, সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখা কঠিন। কারিগরদের স্বল্প সুদে ক্ষুদ্রঋণ, আধুনিক নকশা ও পণ্য তৈরির প্রশিক্ষণ এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে সহায়তা দেওয়া গেলে এই শিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারে।

তাঁদের মতে, স্থানীয় কারিগরদের তৈরি পণ্য স্থানীয় বাজারের পাশাপাশি অনলাইন ও দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা প্রয়োজন। একই সঙ্গে বাঁশ-বেতের পণ্যের আধুনিক ডিজাইন, মানোন্নয়ন ও প্যাকেজিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হলে তরুণ প্রজন্মকেও এই পেশায় আগ্রহী করা সম্ভব।

তাড়াইল উপজেলা শিল্পকলা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার বলেন, ‘আমরা স্থানীয় হস্তশিল্পের তালিকা তৈরির কাজ করছি। ভবিষ্যতে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার পরিকল্পনা রয়েছে।’

সংশ্লিষ্টরা বলছেন, বাঁশ-বেতের শিল্প শুধু একটি জীবিকার মাধ্যম নয়; এটি গ্রামীণ জীবনযাত্রা, সংস্কৃতি ও ঐতিহ্যেরও অংশ। যথাযথ পৃষ্ঠপোষকতা, প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ এবং বাজারজাতকরণের সুযোগ তৈরি করা গেলে তাড়াইলের হারিয়ে যেতে বসা বাঁশ-বেতশিল্প নতুন করে প্রাণ ফিরে পেতে পারে। পাশাপাশি এই শিল্পের সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করা গেলে একদিকে যেমন স্থানীয় ঐতিহ্য সংরক্ষণ হবে, অন্যদিকে তৈরি হতে পারে নতুন কর্মসংস্থানের সুযোগ।

পুলিশ লাইন্স হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
পুলিশ লাইন্স হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং জুনিয়র বৃত্তি-২০২৬ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে কিশোরগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান ও অভিনয়সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। তাদের মনোজ্ঞ পরিবেশনায় অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, মাসুদা ইসলাম, শিক্ষা কর্মকর্তা আরিফুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী, কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাজহারুল ইসলাম কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, ভালো ফলাফল অর্জনকারীদের পাশাপাশি যারা প্রত্যাশিত ফলাফল করতে পারেনি, তাদেরও হতাশ না হয়ে আরও বেশি পরিশ্রম করতে হবে। নিয়মিত অধ্যবসায় ও চেষ্টা থাকলে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করা সম্ভব।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধু ভালো ফলাফল অর্জনই নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের নিজেদের গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করাই শিক্ষার্থীদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের একজন যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার চর্চার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।

কিশোরগঞ্জে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন, মিলবে সহজে হয়রানিমুক্ত ভূমিসেবা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন, মিলবে সহজে হয়রানিমুক্ত ভূমিসেবা

ভূমিসেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে কিশোরগঞ্জে জেলা ভূমিসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত এ কেন্দ্র থেকে জনসাধারণ বিনামূল্যে প্রয়োজনীয় বিভিন্ন ভূমিসেবা নিতে পারবেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে জেলা ভূমিসেবা কেন্দ্রের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন, স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) নিলুফা আক্তার রূপা এবং জেলার ১৩টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

উদ্বোধন শেষে সংসদ সদস্য মাজহারুল ইসলামকে জেলা ভূমিসেবা কেন্দ্রের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। তিনি কেন্দ্রটির মাধ্যমে নাগরিকদের কী ধরনের ভূমিসেবা দেওয়া হবে এবং কীভাবে এসব সেবা পাওয়া যাবে, সে বিষয়ে সংসদ সদস্যকে অবহিত করেন।

জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, জেলার নাগরিকদের ভূমিসেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে এ ভূমিসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এটি ভূমি মন্ত্রণালয়ের একটি উদ্ভাবনী উদ্যোগ। কেন্দ্রটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে জেলা প্রশাসন।

তিনি জানান, নাগরিকরা সরাসরি জেলা ভূমিসেবা কেন্দ্রে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ভূমিসেবা নিতে পারবেন। এর মাধ্যমে প্রতিদিন ভূমি উন্নয়ন কর দেওয়া, নামজারি ও জমাখারিজ, খতিয়ানের সার্টিফাইড কপি এবং মৌজা ম্যাপ বা নকশা প্রাপ্তির আবেদনসহ বিভিন্ন ধরনের ভূমিসেবা পাওয়া যাবে।

জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত এ কেন্দ্রের মাধ্যমে এক জায়গা থেকেই নাগরিকরা প্রয়োজনীয় ভূমিসেবা গ্রহণের সুযোগ পাবেন। এতে ভূমিসেবা গ্রহণে নাগরিকদের ভোগান্তি কমার পাশাপাশি সেবা প্রদানের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও জনবান্ধব হবে।

কিশোরগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
কিশোরগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও হত্যার হুমকি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার দুপুরে শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে এনসিপির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

এর আগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব আহনাফ সাঈদ খান, জেলা এনসিপির আহ্বায়ক শেখ খায়রুল কবীর, সাংগঠনিক সম্পাদক হাফেজ ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ দলের অন্যান্য নেতাকর্মী।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও হয়রানির ঘটনা ঘটছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চাপে রয়েছে।

বক্তারা অবিলম্বে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানান। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

সমাবেশ শেষে একই দাবিতে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন এনসিপির নেতাকর্মীরা।