ভৈরবে বুকের ভেতর লুকিয়ে হাজার ইয়াবা, নারী আটক
কিশোরগঞ্জের ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ হাজার ইয়াবা ট্যাবলেটসহ পারভীন আক্তার (৩৪) নামে এক নারীকে আটক করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে ভৈরবপুর এলাকায় সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম পাশে ঢাকা-সিলেট মহাসড়কের টোল প্লাজার সামনে এ অভিযান চালানো হয়।
আটক পারভীন আক্তার ঢাকার উত্তর খান থানার চামুর খান এলাকার বাসিন্দা। তিনি মনির হোসেনের স্ত্রী এবং মো. বাবুলের মেয়ে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে পারভীন আক্তারের কাছ থেকে অ্যামফিটামিনযুক্ত কমলা রঙের ১ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অধিদপ্তরের তথ্যমতে, ইয়াবাগুলো তাঁর বুকের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ছিল। স্কচটেপ দিয়ে মোড়ানো একটি সাদা কাগজের প্যাকেটের ভেতর পাঁচটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকে ইয়াবাগুলো রাখা ছিল। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ১ হাজার ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১০০ গ্রাম বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ ঘটনায় পারভীন আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ভৈরব থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর বিষয়টি নিশ্চিত করেছেন।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array