কটিয়াদী-পাকুন্দিয়া সড়ক চার লেনে উন্নীতকরণে উদ্যোগ
কিশোরগঞ্জের কটিয়াদী-পাকুন্দিয়ার গুরুত্বপূর্ণ সড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কটিয়াদী উপজেলা বাসস্ট্যান্ড থেকে পাকুন্দিয়া উপজেলার থানার ঘাট হয়ে টোক, কাপাসিয়া ও রাজেন্দ্রপুর চৌরাস্তা পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের পাঠানো ডিও পত্রের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি চিঠিতে জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, কটিয়াদী উপজেলার মহাসড়ক বাসস্ট্যান্ড থেকে পাকুন্দিয়া উপজেলার থানার ঘাট হয়ে টোক, কাপাসিয়া এবং রাজেন্দ্রপুর চৌরাস্তা পর্যন্ত প্রধান সড়কটি চার লেনে উন্নীতকরণের জন্য সংসদ সদস্যের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিষয়টি বিভাগকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব স্বাক্ষরিত চিঠিটি সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এতে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়।
এদিকে, সড়কটি চার লেনে উন্নীত হলে কটিয়াদী ও পাকুন্দিয়ার সঙ্গে ঢাকা এবং আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থা আরও সহজ ও দ্রুত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে কটিয়াদী-পাকুন্দিয়াবাসীর প্রত্যাশা ছিল গুরুত্বপূর্ণ এ সড়কটি চার লেনে উন্নীত করা। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দুই উপজেলার যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array