ধর্মীয় নেতাদের আপত্তির মুখে কিশোরগঞ্জে ‘অ্যাশেজ’ ব্যান্ডের কনসার্ট স্থগিত
কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে বুধবার (১৯ আগস্ট) ব্যান্ড ‘অ্যাশেজ’-এর কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইমাম-উলামা পরিষদ ও স্থানীয় ধর্মীয় নেতাদের আপত্তি এবং প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
কনসার্ট আয়োজনকে কেন্দ্র করে ইমাম-উলামা পরিষদের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। তাদের অভিযোগ, গান-বাজনা ও কনসার্টের আয়োজন ইসলামী শরিয়তবিরোধী। এ কারণে অনুষ্ঠানটি বন্ধের দাবি জানান তারা।
এ দাবিতে সদর উপজেলা ইমাম-উলামা পরিষদের নেতারা কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেন। স্মারকলিপিতে বলা হয়, ১৯ আগস্ট কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে গান-বাজনা ও কনসার্টের আয়োজন করা হয়েছে। এতে গান-বাজনার মাধ্যমে ইসলামী শরিয়তবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা দাবি করেন।
স্মারকলিপিতে ইমাম-উলামা পরিষদের নেতারা আরও বলেন, অতীতে কিশোরগঞ্জের বিভিন্ন মাঠে প্রশাসনের অনুমতিতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও উলামায়ে কেরামের বিরোধিতার কারণে তা অনুষ্ঠিত হতে পারেনি। এবারও এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হলে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
এ কারণে ১৯ আগস্ট পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠেয় কনসার্টটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানান তারা। স্মারকলিপির অনুলিপি কিশোরগঞ্জের পুলিশ সুপার, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরেও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনায় স্থগিত
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইমাম-উলামা পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কনসার্টটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে কনসার্ট স্থগিতের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে কনসার্ট স্থগিত হওয়ার বিষয়টি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে ‘অ্যাশেজ’ ব্যান্ড। এক পোস্টে ব্যান্ডটি জানায়, ‘প্রিয় কিশোরগঞ্জ! প্রশাসনের পক্ষ থেকে কিছু অনাকাঙ্ক্ষিত কারণে আজকে পুরাতন স্টেডিয়ামে কনসার্ট স্থগিত করা হয়েছে। আশা করি আবার দেখা হবে।’
কনসার্টটি পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে কি না, হলে কবে অনুষ্ঠিত হবে—এ বিষয়ে এখনো নতুন কোনো তারিখ ঘোষণা করা হয়নি।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array