এক লেনে চলছে যানবাহন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
শুক্রবার (২৮ আগস্ট) রাত থেকে শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত কুমিল্লার চান্দিনা থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।
এতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা।
কুমিল্লা সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনের একটি অংশে বড় গর্তের সৃষ্টি হয়। দুর্ঘটনার আশঙ্কায় শুক্রবার বেলা ১১টার দিকে সেখানে জরুরি সংস্কারকাজ শুরু করে সড়ক বিভাগ। এ সময় মহাসড়কের দুই লেনের একটি বন্ধ রেখে অপর লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করানো হয়।
এতে যানবাহনের চাপ বাড়তে বাড়তে একপর্যায়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কোথাও যানবাহন ধীরগতিতে চললেও অধিকাংশ স্থানে প্রায় স্থবির হয়ে পড়ে।
মেঘনা টোলপ্লাজায় আটকে থাকা বাসযাত্রী মাহাবুব বলেন, ‘কয়েক ঘণ্টা ধরে আটকে আছি। গাড়ি প্রায় নড়ছেই না। কী কারণে এত দীর্ঘ যানজট, তা সাধারণ যাত্রীদের অনেকেই জানেন না।’
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেম দাস রায় বলেন, দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজটের মূল কারণ আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় সড়ক সংস্কারকাজ। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানা বিস্তারিত বলতে পারবে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি সফিউল ইসলাম বলেন, আষাড়িয়ারচর এলাকায় মহাসড়কের দুই লেনের একটি লেনে সড়ক বিভাগ জরুরি সংস্কারকাজ করছে। ফলে এক লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করায় সাময়িক যানজটের সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক করতে এবং যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array