কুলিয়ারচরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুকুরের পানিতে ডুবে আবু সাঈদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সালুয়া ইউনিয়নের চর কামালপুর বড় বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ ওই এলাকার মো. নাজিম উদ্দীনের ছোট ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে আবু সাঈদ তার মায়ের কাছ থেকে বাড়ির পেছনের কলাবাগানে কাজ করা বাবার কাছে যায়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বাড়ির পেছনের পুকুরে খোঁজ করেন। পুকুরের পাড় দিয়ে বাবার কাছে যাতায়াতের বিষয়টি মনে করে সেখানে তল্লাশি চালানো হলে পানির নিচ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পরে স্বজনরা দ্রুত তাকে পাশের বাজিতপুর উপজেলার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে জানাজা শেষে বাড়ির পেছনের কবরস্থানে আবু সাঈদকে দাফন করা হয়।
এ বিষয়ে কুলিয়ারচর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, শিশুটির পানিতে ডুবে মৃত্যুর বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। পুলিশও এ বিষয়ে অবগত নয়।
শিশুটির মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করে মোজাম্মেল হক মহান আল্লাহর কাছে তার পরিবারের জন্য দোয়া করেন।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array