আলেম সমাজকে যুদ্ধাপরাধীর ট্যাগ দেওয়া বন্ধ করতে হবে: আক্তারুজ্জামান রঞ্জন
সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান রঞ্জন বলেছেন, বাংলার মাটিতে আর কোনো আলেম সমাজকে যুদ্ধাপরাধী, রাজাকার, আল-বদর কিংবা আল-শামস বলে আখ্যায়িত করা যাবে না।
ভৈরব এমপি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমিনের নির্বাচনী পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আক্তারুজ্জামান রঞ্জন বলেন, “আমরা কোনো আলেমের বিরুদ্ধে যুদ্ধ করিনি। আমরা যুদ্ধ করেছি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। পাকিস্তানি সেনারাও নামাজ পড়ত—তাই বলে কি তারা যুদ্ধাপরাধী ছিল না? ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাদের এই ধরনের বয়ান বন্ধ করতে হবে। আমি একজন ক্ষুদ্র মুক্তিযোদ্ধা হিসেবে বলছি, আমরা বাংলাদেশের কোনো আলেমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করিনি।”
তিনি আরও বলেন, “আজকের যে আলেম সমাজ, তাদের তো তখন বয়সই ছিল না—অনেকের জন্মই হয়নি। আমাদের আল্লামা মামুনুল হক সাহেবের বয়স তখন কত ছিল, বলেন? কাজেই আলেম সমাজকে রাজাকার বা যুদ্ধাপরাধী হিসেবে ট্যাগ দেওয়ার রাজনীতি বন্ধ করতে হবে। এর বিরুদ্ধে আমাদের সবাইকে কথা বলতে হবে।”
রঞ্জন বলেন, “আমরা জুলাই আন্দোলন করেছি। বাংলাদেশ আজ নতুন উদ্দীপনা নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে নতুনভাবে গড়ে তুলতে চাই। মানুষ অপরাধ করবে—সে কারণেই দেশে আইন-কানুন রয়েছে। মানুষ তো ফেরেশতা নয়। কেউ ইচ্ছাকৃতভাবে নিজের স্বার্থে অপরাধ করে, আবার কেউ নিজের অবস্থার পরিবর্তনের জন্য কিছু ভুল পথে যায়। কিন্তু আজ দেখা যাচ্ছে, বিচারের নাম করে একটি দল বাণিজ্য করছে।”
বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ওই নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। এ সময় ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।










