শবে বরাতে করিমগঞ্জের মসজিদে দুই হালি ডিমের নিলাম ২ হাজার টাকা
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় একটি মসজিদে দান করা দুই হালি ডিম নিলামে দুই হাজার টাকায় বিক্রি হয়েছে। পবিত্র শবে বরাত উপলক্ষে গত মঙ্গলবার রাতে এশার নামাজের আগে কাদিরজঙ্গল ইউনিয়নের নামাপাড়া গ্রামে অবস্থিত নামাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শবে বরাত উপলক্ষে স্থানীয় দুই মুসল্লি মসজিদে দুই হালি ডিম দান করেন। এর মধ্যে এক হালি ছিল দেশি মুরগির ডিম এবং অন্য হালিটি হাঁসের ডিম। স্থানীয় বাজারে এসব ডিমের আনুমানিক মূল্য ৮০ থেকে ১২০ টাকার মধ্যে।
এশার নামাজের আগে মসজিদ পরিচালনা কমিটি ডিমগুলো নিলামে তোলে। প্রথম দফায় এক হালি ডিম ৩০০ টাকায় কিনে নেন স্থানীয় বাসিন্দা মানিক মিয়া। পরে দ্বিতীয় দফায় অপর এক হালি ডিম এক হাজার টাকায় কিনে নেন বাদল মিয়া নামের আরেক মুসল্লি।
এরপর মানিক মিয়া তাঁর কেনা ডিমগুলো পুনরায় মসজিদে দান করলে আবারও নিলাম শুরু হয়। এতে চার থেকে পাঁচজন মুসল্লির মধ্যে দর হাঁকানোর প্রতিযোগিতা চলে। শেষ পর্যন্ত মো. রানা নামের এক মুসল্লি ৭০০ টাকায় ওই ডিমগুলো কিনে নেন। সব মিলিয়ে দুই হালি ডিম নিলামে বিক্রি হয় দুই হাজার টাকায়।
ডিম কেনার বিষয়ে বাদল মিয়া ও মো. রানা জানান, মসজিদ থেকে নেওয়া খাবারে বরকত থাকে এবং তা খেলে অসুখ ভালো হয়—এমন বিশ্বাস থেকেই তাঁরা ডিমগুলো কিনেছেন।
নামাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব রবিউল ইসলাম বলেন, ইসলামে ভালো কাজে প্রতিযোগিতার নির্দেশনা রয়েছে। মসজিদের কোনো জিনিস নিলামে কিনলে আল্লাহর বরকত পাওয়া যায়—এই বিশ্বাস থেকেই মুসল্লিরা বেশি দামে নিলামে অংশ নেন।
তিনি আরও জানান, নিলামে সংগৃহীত অর্থ মসজিদের উন্নয়নকাজে ব্যয় করা হবে।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array