সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার: শিক্ষামন্ত্রী
সারাদেশে নৈতিক শিক্ষার উন্নয়ন এবং মূল্যবোধ জাগ্রত করতে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। রোববার সকালে জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, নৈতিক শিক্ষার অবক্ষয় রোধে সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শুধু ইসলাম শিক্ষা নয়, অন্যান্য ধর্মের শিক্ষকদেরও এ নিয়োগের আওতায় রাখা হবে।
সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন-এর করা এক প্রশ্নের লিখিত উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, সরকার নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজনীয়তা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।
তিনি আরও জানান, বর্তমানে বাংলাদেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। বর্তমান সরকার এসব বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে বদ্ধপরিকর। প্রয়োজন অনুযায়ী নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরেক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য নতুন করে আবেদন আহ্বান করা হবে। পাশাপাশি আগের আবেদনগুলো পুনরায় যাচাই-বাছাই করা হবে।
এদিন বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। এ অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে। রোববার থেকেই রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু হয়েছে।
এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। পরে তা রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছিল।
জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসবে।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array