কর্মদিবসের প্রথম দিনে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচিত ও শপথ গ্রহণের পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রীতি অনুযায়ী সেখানে তাঁকে অভ্যর্থনা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়।
রোববার (২৩ আগস্ট) রাষ্ট্রপতির ব্যক্তিগত কর্মকর্তা ইউনুছ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বেলা ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্ধারিত প্রটোকল অনুযায়ী তাঁকে অভ্যর্থনা জানানোর পর গার্ড অব অনারের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে তাঁর নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু হলো।
এর আগে গত শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে তিনি শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়।
পরদিন শনিবার (২২ আগস্ট) জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তাঁর রাষ্ট্রীয় কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।
এর আগে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array