মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

নীরব রাতের শ্রদ্ধা: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে তারেক রহমানের বিরল সফর

হেলাল মুন্সী, গোপালগঞ্জ। প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০০ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
নীরব রাতের শ্রদ্ধা: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে তারেক রহমানের বিরল সফর

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহু ঘটনা আলোচিত হলেও কিছু অধ্যায় আড়ালে থেকে যায়। তেমনই একটি ঘটনা ঘটেছিল ২০০৫ সালের জানুয়ারির শেষ সপ্তাহে, যা সে সময় ব্যাপক প্রচারে না এলেও রাজনৈতিক মহলে নীরবে আলোচনার জন্ম দিয়েছিল।

২০০৫ সালের ২৭ জানুয়ারি গোপালগঞ্জে একটি ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে অংশ নেন বিএনপির সিনিয়র নেতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান। দিনভর রাজনৈতিক কর্মসূচি শেষে ঢাকায় ফেরার কথা থাকলেও সফরের এক পর্যায়ে তিনি হঠাৎ করেই গাড়িবহর ঘুরিয়ে নেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার দিকে, যেখানে অবস্থিত জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ।

রাত গভীর, চারপাশ নীরব। সেই সময় তিনি সমাধিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হয়ে সমাধির খাদেমকে ডেকে ফাতেহা পাঠ ও দোয়া করেন। জানা যায়, তিনি সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন। এই সিদ্ধান্তে সফরসঙ্গীদের অনেকেই বিস্মিত হন, কারণ বিএনপির স্থানীয় বা কেন্দ্রীয় অনেক নেতা-কর্মীই আগে থেকে জানতেন না যে তিনি টুঙ্গিপাড়ায় যাবেন। ঘটনাটি ছিল সম্পূর্ণ তাৎক্ষণিক ও সীমিত পরিসরের।

স্থানীয় কয়েকজন বিএনপি নেতার প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বঙ্গবন্ধু একজন জাতীয় নেতা ও সাবেক রাষ্ট্রপতি; দেশের জন্য তাঁর অবদান রয়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, তিনিও একজন সাবেক রাষ্ট্রপতির সন্তান। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় ইতিহাস ও নেতৃত্বের প্রতি সম্মান প্রদর্শনকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন—এমন বার্তাই সে রাতে প্রতিফলিত হয়েছিল বলে উপস্থিতদের অনেকে মনে করেন।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে যেখানে বিরোধ ও প্রতিদ্বন্দ্বিতা প্রবল, সেখানে ভিন্ন রাজনৈতিক ধারার একজন শীর্ষ নেতার এ ধরনের নীরব ও নিঃশব্দ শ্রদ্ধা প্রদর্শন বিরল ঘটনা হিসেবেই বিবেচিত হয়। যদিও ঘটনাটি তখন ব্যাপক প্রচারে আসেনি, পরবর্তীতে এটি রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে ওঠে।

বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমান বিএনপির শীর্ষ নেতৃত্বে সক্রিয় রয়েছেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অতীতের এই সহমর্মিতামূলক আচরণ তার রাজনৈতিক ব্যক্তিত্বের একটি ভিন্ন দিক তুলে ধরে- যা ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার চর্চায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

রাজনীতির কঠিন বাস্তবতায় এমন মুহূর্তগুলো স্মরণ করিয়ে দেয়—ইতিহাস ও জাতীয় নেতৃত্বের প্রশ্নে কখনো কখনো দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে ব্যক্তিগত সম্মানবোধের প্রকাশও দেখা যায়।

মিরসরাইয়ে রাতে সড়ক সংস্কারে উপজেলা কৃষকদল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
মিরসরাইয়ে রাতে সড়ক সংস্কারে উপজেলা কৃষকদল

চট্টগ্রামের মিরসরাইয়ে দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত আবুতোরাব-আনন্দেরহাট-খেয়ারহাট সড়কের ভাঙা ও খানাখন্দ সংস্কারের কাজ শুরু করেছে উপজেলা কৃষকদল। মায়ানী ইউনিয়নের গুরুত্বপূর্ণ এ সড়কে দিনের বেলায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে রাতে সংস্কারকাজ করা হচ্ছে।

রোববার রাতে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শুরু হয়। সোমবার রাতেও সড়কের বিভিন্ন ভাঙা অংশে সংস্কারকাজ চালানো হয়।

স্থানীয়রা জানান, সড়কটি দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চলাচল করেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ভাঙন ও খানাখন্দ থাকায় যানবাহন ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। চলতি বর্ষায় সড়কটির কয়েকটি অংশ আরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পথচারী মুসলিম উদ্দিন বলেন, ‘সংস্কারের কয়েক মাসের মধ্যেই সড়কের বিভিন্ন অংশ ভেঙে যায়। পরে খানাখন্দ তৈরি হওয়ায় চলাচলে সমস্যা হচ্ছে। এখন সংস্কারের কাজ শুরু হওয়ায় আমরা কিছুটা স্বস্তি পাচ্ছি।’

উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিন বলেন, ‘দিনে এই সড়কে যানবাহন চলাচল করে। তাই জনদুর্ভোগ কমাতে রাতেই ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কার করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী আরও ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সংস্কারকাজ শেষ হলে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।

দীর্ঘ ২১৬ দিন পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
দীর্ঘ ২১৬ দিন পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

জামালপুরের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় দীর্ঘ ২১৬ দিন পর পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। গ্যাস সরবরাহ শুরুর ১৮ দিন পর আজ ভোররাতে কারখানাটিতে উৎপাদন শুরু হয়।

কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক দেলোয়ার হোসেন জানান, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। দীর্ঘ ২১৬ দিন পর গত ১৮ সেপ্টেম্বর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কারখানায় পুনরায় গ্যাস সরবরাহ শুরু করে।

গ্যাস সরবরাহ পাওয়ার পর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে কারখানাটি সচল করা হয়। এরপর আজ ভোররাত থেকে পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, যমুনা সার কারখানায় প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে। উৎপাদিত সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ কারখানাটির কমান্ড এলাকার ১৯ জেলায় সরবরাহ করা হয়।

শিশু অধিকার দিবসে শিশু একাডেমিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
শিশু অধিকার দিবসে শিশু একাডেমিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে পৌঁছালে ১৫০ জন শিশু ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করে নেয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনব্যাপী আয়োজনে রয়েছে শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা, স্মারক উপহার প্রদান এবং স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন করবেন তিনি।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবনে যাবেন। সেখানে ভবনের নিচতলায় সোলার প্যানেল ও সাব-স্টেশন উদ্বোধন করার কথা রয়েছে।

এবারের শিশু অধিকার দিবসের প্রতিপাদ্য—‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।